ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে টানা সরকারি ছুটির কারণে ট্রেনের সংখ্যা অর্ধেকের বেশি কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে ঈদে ঘরমুখী মানুষ বিপাকে পড়েছে।জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১৩ জোড়া ট্রেন ২৬ বার আসা-যাওয়া করে। বাইরে তুরাগ এক্সপ্রেস একবার গাজীপুর থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ স্টেশনে আসা-যাওয়া করে। কিন্তু শুক্রবার ও সরকারি ছুটির দিনে মাত্র পাঁচ জোড়া ট্রেন ১০ বার আসা-যাওয়া করে। সড়কপথে বাসভাড়া বেশি হওয়া এবং যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কারণে সৃষ্ট ভয়াবহ যানজট এড়াতে সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। আর ঈদের আগে যাত্রীর চাপও বেড়ে যায়। কিন্তু ১৫ থেকে ১৭ আগস্ট এবং ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত সরকারি ছুটির কারণে এই কয়েক দিন ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে পাঁচ জোড়া ট্রেন চলাচল করছে ও করবে। বুধবার দুপুর সোয়া ১২টায় চাষাঢ়া রেলস্টেশনের প্লাটফর্ম-সংলগ্ন টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় সেটি বন্ধ। টিকিট কাউন্টারের সামনে বসে থাকা গৃহবধূ জাহানারা বেগম জানালেন, বেলা আড়াইটার আগে ঢাকায় যাওয়ার কোনো ট্রেন নেই। সর্বশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে সকাল নয়টা ৩৮ মিনিটে। রেল কর্তৃপক্ষের উচিত ছিল, সরকারি ছুটি হলেও ঈদ উপলক্ষে এই পথে ট্রেনের সংখ্যা বাড়ানো। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ঈদের ছুটি আর সাধারণ ছুটি এক নয়। ঈদের ছুটিতে ট্রেনে যাত্রীর চাপ বাড়ে। কমলাপুর থেকে আন্তনগর ট্রেনে যাঁরা দেশের বিভিন্ন অঞ্চলে যাবেন, নারায়ণগঞ্জ থেকে ট্রেনই তাঁদের প্রথম পছন্দ। ঈদের ছুটিতে যাত্রীদের চাপ বেশি থাকায় রেলওয়ের বরং উচিত ছিল ট্রেনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বাড়ানো।