সরকারি তিন ব্যাংকে চার পরিচালক নিয়োগ
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা ও বেসিক ব্যাংকে নতুন চারজন পরিচালক নিয়োগ পেয়েছেন। জনতা ব্যাংকে নিয়োগ পেলেন সনদপ্রাপ্ত হিসাববিদ মসিহ মালিক চৌধুরী এবং সাবেক অতিরিক্ত সচিব এ কে ফজলুল আহাদ।
এ ছাড়া জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আসাদউল্লাহ সোনালী ব্যাংকে এবং আইনজীবী মো. তোবারক হোসেন বেসিক ব্যাংকে নিয়োগ পেয়েছেন।
চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে চারজন পরিচালক নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরই মধ্যে পর্ষদগুলো বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে তাঁদের নিয়োগ দেয়। সবাই নিয়োগ পেয়েছেন তিন বছরের জন্য।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোনালী, অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংকের পর্ষদে এখনো ১৬টি পরিচালক পদ শূন্য।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবির গত মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর থেকে পদটি শূন্য। এ ব্যাংকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সরকারি পরিচালক মোহাম্মদ মুসলিম চৌধুরী। গত ২৪ এপ্রিল সোনালী ব্যাংকের পরিচালক (সাবেক অতিরিক্ত সচিব) এ কে এম রেজাউর রহমান ব্যাংককের একটি হাসপাতালে মারা যাওয়ার পর একটি পদ শূন্য হয়, আরও দুটি পদ শূন্য রয়েছে।
এ ছাড়া অগ্রণী ব্যাংকে পাঁচটি, জনতা ব্যাংকে তিনটি এবং বেসিক ব্যাংকে তিনটি পদ শূন্য রয়েছে।
রাকাবে নতুন এমডি: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার এক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আউয়াল খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পদে নিয়োগ দিয়েছে। রাকাবের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনজুর আহমেদের স্থলাভিষিক্ত হলেন আউয়াল খান। চাকরির ২৫ বছর পূর্তিতে ৮ মে ছিল রাকাবের এমডি পদে মনজুর আহমেদের শেষ দিন।