সরকারি তিন ব্যাংকে নতুন এমডি

বিশাল অঙ্কের খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব নিলেন রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও)।
সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে গত বুধবার যোগ দিয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। একই দিন অগ্রণী ব্যাংকে যোগ দিয়েছেন ব্যাংকটির নতুন এমডি ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম। আর রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও আতাউর রহমান প্রধান আগামী রোববার যোগ দেবেন।
কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর পাঠানো গত ৩০ জুন পর্যন্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, সোনালী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৯ হাজার ৩২৩ কোটি টাকা। একই সময় পর্যন্ত অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ৯৯২ কোটি এবং রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৩৬১ কোটি টাকা। তিন ব্যাংকের মোট খেলাপি ঋণ ১৬ হাজার ৯৭৬ কোটি টাকা।
তিন ব্যাংকের নতুন এমডিদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের পরামর্শ হচ্ছে খেলাপি ঋণ আদায়ে মনোযোগ দেওয়া এবং নতুন ঋণ বিতরণে সতর্ক থাকা।
সালেহউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘যাচাই-বাছাই ছাড়া একদমই ঋণ দেওয়া যাবে না। দিলে ব্যাংক খাতের বিপদ তো আছেই, ভবিষ্যতে আপনারাও বিপদে পড়বেন।’
সোনালী ব্যাংকে যোগ দেওয়ার আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ কর্মসংস্থান ব্যাংকের এমডি ছিলেন। তার আগে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন তিনি।
অগ্রণী ব্যাংকে যোগ দেওয়ার আগে নতুন এমডি মোহাম্মদ শামস্-উল ইসলাম এমডি ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের। তিনিও তার আগে অগ্রণী ব্যাংকের ডিএমডি ছিলেন।
আর রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের চিঠি পাওয়ার আগে আতাউর রহমান প্রধান এমডি ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের। তার আগে তিনি ডিএমডি ছিলেন সোনালী ব্যাংকের।
যোগাযোগ করলে ওবায়েদ উল্লাহ আল মাসুদ গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দায়িত্বটি গুরু এবং নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
মোহাম্মদ শামস্-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার কাজ হচ্ছে অগ্রণী ব্যাংককে অন্যতম উচ্চতায় নিয়ে যাওয়া এবং সে লক্ষ্যেই আমি কাজ করে যাব।’
রূপালী ব্যাংকের নতুন এমডি আতাউর রহমান প্রধানের মুঠোফোন বন্ধ থাকায় গত দুই দিন চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
প্রায় এক দশক আগে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে (আরজেএসসি) লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। সেই থেকে রূপালী ব্যাংক ছাড়া তিন ব্যাংকের এমডিরা বেতন পেয়ে আসছেন মাসিক চার-পাঁচ লাখ টাকা করে। সূত্র জানায়, এবার রূপালী ব্যাংকের এমডিকেও ওই হারে বেতন দিতে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।