সরকারি তিন ব্যাংকের এমডির নাম চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নাম চূড়ান্ত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অগ্রণী ব্যাংকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ সামস্-উল ইসলাম ও রূপালী ব্যাংকের এমডি হচ্ছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান।
সোনালী ব্যাংকের আগের এমডি প্রদীপ কুমার দত্ত গত ১৬ জুন অবসরে যান। এরপর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন অবস্থায় ব্যাংকটির ডিএমডি আতাউর রহমান প্রধানকে পদোন্নতি দিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি করা হয়। বর্তমানে ব্যাংকটির আরেক ডিএমডি দিদার মো. আবদুর রব ভারপ্রাপ্ত এমডি।
অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। সরকার একই দিন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয় ডিএমডি মিজানুর রহমান খানকে। দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে ভারপ্রাপ্ত এমডি কাজী ছানাউল হক।
রূপালী ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিনের মেয়াদ শেষ হয় গত ৭ জুলাই। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন একই ব্যাংকের ডিএমডি দেবাশীষ চক্রবর্তী।
তিন ব্যাংকের এমডিদের নাম চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে গঠিত সার্চ কমিটির সুপারিশ বিবেচনায় নেয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এক ব্যাংকের জন্য তিনটি নামের তালিকা করে এবং সেখান থেকে একটি নামের অনুমোদন চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তা পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দেওয়ার পর তা ফিরে আসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।
চর্চাটা হচ্ছে এ রকম—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক এ পর্যায়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে এমডি নিয়োগ দেওয়ার কথা বলবে। চিঠিতে বলা থাকবে, বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে পরিচালনা পর্ষদ যাতে এমডি নিয়োগ দেয়।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসূর রহমান গত সোমবার বলেন, পর্ষদগুলোকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।