সরকারি দরে চামড়া কেনা নিয়ে সংশয়
মৌসুমি ব্যবসায়ীদের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দরে কোরবানির পশুর চামড়া কেনাবেচা নিয়ে শঙ্কায় রয়েছেন চট্টগ্রামের কাঁচা চামড়ার আড়তদারেরা। কারণ অনভিজ্ঞতার কারণে মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কেনেন। তারপর আছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ খরচ। সব মিলিয়ে সরকারের নির্ধারিত দামে কেনা প্রায় অসম্ভব বলে মনে করছেন আড়তদারেরা।
ঢাকায় সচিবালয়ে গত রোববার এক বৈঠকে রাজধানীতে গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকায় নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০-৪৫ টাকা। আর সারা দেশে প্রতি বর্গফুট ছাগলের চামড়া ২০-২২ টাকা ও বকরির চামড়ার দাম ১৫-১৭ টাকা।
কয়েকজন চামড়া ব্যবসায়ী জানান, চট্টগ্রামের প্রতিটি পাড়া থেকে মৌসুমি ব্যবসায়ীরা ছোট চামড়া ৫০০-৬০০ টাকায় এবং বড় চামড়া ৮০০-১০০০ টাকায় সংগ্রহ করেন। পরে তা মধ্যস্বত্বভোগীরা কিনে চৌমুহনী বাজারে বিক্রি করেন। সেখান থেকে আতুরার ডিপোর আড়তে আসতে আসতে চামড়ার দর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় দাঁড়ায়।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ বলেন, ‘যে দর নির্ধারণ করা হয়েছে তাতে চামড়া কেনা করা কঠিন। কারণ মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে কেনেন। এতে দাম বেড়ে যায়।’
আড়তদারেরা জানান, তাঁদের হিসাবে প্রতি বর্গফুট গরুর চামড়া যদি ৪০ থেকে ৪৫ টাকায় কেনাবেচা করতে হয়, তাহলে মৌসুমি ব্যবসায়ীদের তা ২৫-৩০ টাকার মধ্যে কিনতে হবে। কারণ প্রতি বর্গফুট কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতেই অন্তত ১২ টাকা খরচ পড়বে।
গত সোমবার নগরের আতুরার ডিপো চামড়ার আড়ত ঘুরে দেখা গেল, সেখানে প্রায় ৩০০ আড়তদার রয়েছেন। প্রায় সব ব্যবসায়ীই চামড়া সংগ্রহের আগাম প্রস্তুতি নিচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, চট্টগ্রামে এবার প্রায় ৫ লাখ ৯১ হাজার পশু কোরবানি হবে। তবে চামড়া ব্যবসায়ীদের ধারণা, প্রায় ৫ লাখ চামড়া সংগ্রহ হবে এবার।
খুচরা চামড়া ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী জানান, কোরবানির সময় মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে চামড়া কেনার কারণে তাঁদের সমস্যায় পড়তে হয়। তখন তাদেরও বেশি দামে কিনতে হয়।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেকান্দর বলেন, ‘ট্যানারি ব্যবসায়ীরা ৪৫ টাকার বেশি দিতে চাইবেন না। কিন্তু অতীত অভিজ্ঞতায় বুঝতে পারছি, ৫০ থেকে ৬০ টাকার কমে চামড়া কেনা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মৌসুমি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, তাঁরা যেন চামড়া কেনার সময় বুঝেশুনে কেনেন।’