সরকারি প্রতিষ্ঠান তথ্য দেয় না

বছরের পর বছর অনিয়ম করে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। নিরীক্ষায় তা ধরাও পড়ছে। কিন্তু প্রতিকার মিলছে না। আপত্তির কিছু কিছু আদায় হলেও প্রতিবছরই অনাদায়ি থেকে যাচ্ছে বিপুল পরিমাণ টাকা।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ নিজেই বলেছেন, নিরীক্ষার সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে না সংশ্লিষ্ট নির্বাহীরা। বিষয়টি সুশাসন ও সুষ্ঠু নিরীক্ষার পথে প্রধান অন্তরায়। তিনি আরও বলেন, নিরীক্ষার ক্ষেত্রে অডিট অধিদপ্তর তথা নিরীক্ষা দলকে এমনকি তথ্য দিয়েও সহযোগিতা করে না সরকারি প্রতিষ্ঠানগুলো। তারা নিরীক্ষা পর্যবেক্ষণের জবাব দেয় না এবং সময়মতো নথিপত্র সরবরাহ করে না।
মাসুদ আহমেদ গতকাল সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সুষ্ঠু নিরীক্ষার জন্য বিষয়গুলোকে সিএজি কার্যালয়ের চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওপর করা ১৭টি নিরীক্ষা প্রতিবেদনে ২৭৪টি আপত্তি এবং এগুলোর বিপরীতে ছয় হাজার ১৯৫ কোটি ৮৬ লাখ টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৯২ দশমিক ৮৫ শতাংশ অর্থই অর্থ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। গত জুনে রাষ্ট্রপতির কাছে দাখিলের পর গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে সিএজি কার্যালয়।
যোগাযোগ করলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সিএজি কার্যালয় যেহেতু একটি সাংবিধানিক সংস্থা, তাই এর নিরীক্ষা কার্যক্রমে অসহযোগিতা করা সংবিধানেরই লঙ্ঘন।’ অসহযোগিতার কথা সিএজি মাসুদ আহমেদ যে সাহস করে বলছেন, এ জন্য বরং তাঁকে অভিবাদন জানান ইফতেখারুজ্জামান।
ভারতে বোফর্স কেলেঙ্কারি ফাঁস হয়েছিল নিরীক্ষা প্রতিবেদন থেকে। ১৭টি প্রতিবেদনের মধ্যে প্রতিরক্ষা খাতে কত টাকার অনিয়ম হয়েছে—উল্লেখ করা হয়নি কেন—জানতে চাইলে মাসুদ আহমেদ জানান, ‘প্রতিরক্ষা খাতে অত বড় কেনাকাটা নেই। তবে উচ্চপদস্থ একজন প্রতিরক্ষা কর্মকর্তা শাস্তি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে অর্থও আদায় হয়েছে।’
নিরীক্ষা কার্যালয় শুধু অনিয়ম দেখে, কিন্তু অনিয়ম দেখতে গিয়ে অনেক সময় নিজেরাই জড়িয়ে পড়ে দুর্নীতিতে। গত মার্চে নারায়ণগঞ্জে একটি নিরীক্ষা দল ঘুষ নিয়ে আবার তা ফেরতও দেয়। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হলো—জানতে চাইলে সিএজি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সজাগ আছি। আইনের আওতায় এনে শাস্তিযোগ্য করতে একটু সময় লাগছে শুধু।’
প্রতিবেদন: প্রতিবেদনগুলো করা হয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি); স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে; বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর; ২২টি বাণিজ্যিক ব্যাংকের ৩৮টি শাখা, স্থলবন্দর ও শুল্ক স্টেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।
এর মধ্যে একক সংস্থা হিসেবে সবচেয়ে বেশি দুই হাজার ৬২৮ কোটি ২৮ লাখ টাকার ২১টি আপত্তি উঠেছে বিটিআরসির বিরুদ্ধে। ওয়ারিদ ইন্টারন্যাশনালকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম করেছে বিটিআরসি এবং চুক্তির শর্ত ভঙ্গ করা সত্ত্বেও সংস্থাটি ওয়ারিদের পারফরম্যান্স গ্যারান্টি বাজেয়াপ্ত করেনি।
বক্তব্য নেওয়ার জন্য বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসকে ফোনে পাওয়া যায়নি। বিষয় উল্লেখ করে খুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, রাকাব, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছ থেকে আদায়যোগ্য অর্থের পরিমাণ তিন হাজার ১২৪ কোটি টাকা।
ঋণ পুনঃ তফসিল ও সুদ মওকুফ বিষয়ে জনতা ও রূপালী ব্যাংকের বিরুদ্ধে ৮৮০ কোটি ৫৩ লাখ টাকার ২৮টি আপত্তি উঠেছে। একই বিষয়ে অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে রয়েছে ২৪ আপত্তিতে ৭১৩ কোটি ৫২ লাখ টাকা ও সোনালী ব্যাংকের বিরুদ্ধে ২২ আপত্তিতে ৬৬৩ কোটি ১৭ লাখ টাকা।
জনতা ব্যাংকের এমডি আবদুস সালাম সম্প্রতি এই ব্যাংকে যোগ দেওয়ার কথা জানিয়ে বলেন, এত আগের বিষয় না দেখে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না।