সরকারি প্রতিষ্ঠানও মুনাফা করে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সরকারি প্রতিষ্ঠান থেকে ৭০ কোটি টাকা লভ্যাংশ পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো শুধু লোকসান করে না, অনেক ক্ষেত্রে মুনাফাও করে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানপ্রধানদের কাছ থেকে এ লভ্যাংশের মুনাফার চেক গ্রহণ করেন অর্থমন্ত্রী। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহউদ্দিন আহমেদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান, বিডিবিএলের এমডি জিল্লুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
৭০ কোটি টাকার মধ্যে ২০১২-১৩ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি ৪৫ কোটি ৫৬ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে আইসিবি। এ ছাড়া ইডকল ১৪ কোটি ও বিডিবিএল ১০ কোটি টাকা দিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, সরকারি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে না, শুধু লোকসান দেয়। আজ তিনটি প্রতিষ্ঠান লভ্যাংশ দিয়েছে। আজ একটা খুশির দিন।’
সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দাতা সংস্থাগুলোকে মাঝেমধ্যে নন্দিত করা উচিত। যেমন বিশ্বব্যাংকের ধারণার ভিত্তিতে ইডকল প্রতিষ্ঠা করা হয়, বর্তমানে যা একটি সফল প্রতিষ্ঠান।