সরকারি প্রতিষ্ঠানকে জীবন বীমা করপোরেশনের মাধ্যমে পলিসি গ্রহণের পরামর্শ
সাধারণ বীমা ও জীবন বীমা করপোরেশনের অডিট বা নিরীক্ষা আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সব সরকারি প্রতিষ্ঠানকে জীবন বীমা করপোরেশনের মাধ্যমে বিমা পলিসি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ খবর জানা গেছে।জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কমিটির সভায় এ তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বজলুল হক হারুন ও আমিনা বেগম অংশ নেন। সভায় দেশের সব শ্রেণী-পেশার মানুষকে বিমা পলিসি গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সাধারণ বীমা ও জীবন বীমা করপোরেশনের বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি, সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং অডিট আপত্তির ওপর আলোচনা করা হয়। সভায় সাধারণ বীমা করপোরেশনের বিপণন কার্যক্রমকে আরও জোরদার করার জন্য প্রচারণার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রিমিয়াম আয়ের টার্গেট নির্ধারণ করে সে অনুযায়ী অর্জনের জন্য সাধারণ বীমা করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়। সভায় জীবন বীমা করপোরেশনের কার্যক্রমে আরও গতি আনয়ন, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও নতুন পলিসি গ্রহণ করে তা বাস্তবায়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা ও জীবন বীমা করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।