সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারকে টেকসই করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। ডিএসই মনে করছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে এলে বিনিয়োগকারীদের চাহিদা পূরণের পাশাপাশি পুঁজিবাজার আরও টেকসই ও গতিশীল হবে।গতকাল মঙ্গলবার দুপুরে ডিএসইর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নেতারা এসব কথা বলেন। সম্প্রতি অর্থমন্ত্রী তালিকাভুক্ত আট কোম্পানির আরও কিছু শেয়ার ২০ দিনের মধ্যে বাজারে ছাড়ার যে ঘোষণা দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে গতকাল ডিএসই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর মতিঝিলে অবস্থিত ডিএসইর সদস্য ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক সভাপতি রকিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিএসইর নেতারা জানান, সরকারি কোম্পানির শেয়ার বাজারে আসার ব্যাপারে তাঁরা এবার আশাবাদী হয়েছেন। তাঁরা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুনির্দিষ্ট ঘোষণার পর শিগগির সরকারি কোম্পানির এসব শেয়ার বাজারে আসবে। আর সরকারি শেয়ার বাজারে ছাড়ার এখনই উৎকৃষ্ট সময়। ডিএসইর সাধারণ মূল্যসূচক যখন ৪ হাজার পয়েন্টের ঘরে ছিল, তখন থেকে সরকারের কাছে এই দাবি জানানো হচ্ছে। আর এখন সেই সূচক পৌঁছেছে ৮ হাজারে। শাকিল রিজভী লিখিত বক্তব্যে বলেন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে এলে বিনিয়োগের পরিমাণ বাড়ার পাশাপাশি বাজারের গভীরতাও বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের কোম্পানির শেয়ার বাজারে আনার ব্যাপারেও জোরালো উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিএসইর সভাপতি। একই সঙ্গে তিনি অতি মূল্যায়িত শেয়ারে বিনিয়োগ না করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। শাকিল রিজভী আরও বলেন, সরকারের হাতে ৫১ শতাংশ শেয়ার না থাকলে প্রতিষ্ঠানের ওপর থেকে নিয়ন্ত্রণক্ষমতা চলে যাবে—অনেকের মধ্যে এমন একটা ভুল ধারণা আছে, যেটি মোটেই ঠিক নয়। বিশ্বের অনেক দেশে ১০ বা ২০ শতাংশ শেয়ার নিয়েও কোম্পানির নিয়ন্ত্রণ সরকারের হাতেই রয়েছে।ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে শেয়ারের সরবরাহ বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। এ জন্য তিনি নিজেই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। অর্থমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারি কোম্পানির শেয়ার বাজারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ ব্যাপারে যাতে কেউ বাধার সৃষ্টি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। যেহেতু এবার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনই শেয়ার ছাড়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন, তাই এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। এসইসির অনুমোদন না নিয়ে শেয়ারের মূল্যসূচক সংশোধন এবং পরবর্তী সময়ে ডিএসইর ক্ষমা চাওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতির কাছে জানতে চাওয়া হয়। জবাবে ডিএসইর সভাপতি বলেন, এটি ব্যবস্থাপনার বিষয়। এ ব্যাপারে ডিএসইর পরিচালনা পর্ষদের কোনো সম্পৃক্ততা ছিল না। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজেই বিষয়টি নিয়ে এসইসির সঙ্গে বৈঠক করেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। এতে কোনো ভুল হয়ে থাকলে সেটি এসইসি ও সিইওর ব্যাপার। এ নিয়ে এসইসি বুঝবে আর সিইও বুঝবেন। বোর্ডের কিছু করার নেই। সিইওর কর্মকাণ্ডের জন্য সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে প্রকারান্তরে স্বীকার করেন তিনি। ডিএসইর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে সূচক পরিমাপ পদ্ধতিতে কোনো গলদ নেই বলে ডিএসইর সভাপতি দাবি করেন। সূচক নিয়ে কোনো ধরনের কারসাজি হয়নি বলেও দাবি তাঁর। বরং অতীতের ভুলকেই সংশোধন করা হয়েছে। বাজার পরিস্থিতি: দেশের দুই পুঁজিবাজারে গতকাল মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৬১৫ কোটি টাকা, যা আগের দিন সোমবার ছিল দুই হাজার ৪৯৮ কোটি টাকার কিছু বেশি। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৮০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। যা সোমবার ছিল দুই হাজার ২৭০ কোটি ৪৬ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে এদিন মোট ২৩৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের দিনের লেনদেন ছিল ২২৮ কোটি টাকা। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ৭ পয়েন্টের কিছু বেশি কমে সাত হাজার ৯৪০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে আগের চেয়ে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল সাতটির। আর সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ৭৬ পয়েন্ট কমে ২২ হাজার ৬৪৫ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে মোট ১৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ারদর বেড়েছে ৬৩টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির।