তারল্য পরিস্থিতির চাপ কমাতে বিমা কোম্পানিগুলোকে ব্যাংকের হাতে থাকা বন্ড কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এক বৈঠকে গতকাল সোমবার এসব আলোচনা ও পরামর্শ এসেছে।উল্লেখ্য, প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণে সরকারের ট্রেজারি বিল ও বন্ড চাপিয়ে রাখা হয়েছে। এর ফলে হিসাবপত্রে ব্যাংকগুলোর হাতে টাকা থাকার তথ্য মিললেও কার্যত নগদ অর্থ নেই। এতে একদিকে ব্যাংকগুলোর শিল্প-ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের সুযোগও সীমিত হয়ে পড়েছে, অন্যদিকে দেশের বন্ডবাজার গড়ে না ওঠায় অর্থাৎ দ্বিতীয় স্তরের বাজার (সেকেন্ডারি মার্কেট) উন্নত না হওয়ায় পিডি ব্যাংকগুলো তাদের হাতে থাকা অতিরিক্ত বন্ড কেনাবেচা করে নগদ অর্থের সংস্থান করতে পারছে না। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা), সমবায় অধিদপ্তর, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (আরজেএসসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের সভার বিষয়গুলো তুলে ধরেন।সুর চৌধুরী বলেন, তারল্যের চাপ বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিমা কোম্পানিগুলোর হাতে থাকা লাইফ পেনশন ফান্ডের টাকার নির্ধারিত হারের বেশি অর্থ ব্যাংকের হাতে থাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ইডরাকে। যদি তারা এটি বাস্তবায়ন করে, তবে ব্যাংকের তারল্য সংকট অনেকাংশেই কেটে যাবে। সুর চৌধুরী মনে করেন, নতুন করে তারল্য বৃদ্ধি পেলে ব্যাংক আইনের মধ্যে থেকে শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবে। এ ব্যাপারে ইডরা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান এস কে সুর চৌধুরী।এ ছাড়া দেশের বন্ডবাজার শক্তিশালী করা জরুরি বলেও মন্তব্য করেন সুর চৌধুরী। তিনি বলেন, এটা উন্নত হলে শেয়ারবাজারও উন্নত হবে।হেলাল উদ্দিন নিজামী বলেন, মিউচুয়াল ফান্ড ও বিমা কোম্পানিগুলো কীভাবে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারে, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা চলছে। নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নিচ্ছেন যে যাঁর জায়গা থেকে, যা কেবল পুঁজিবাজার নয়, সার্বিক অর্থনীতিতে অনেক ক্ষেত্রে অস্থিতিশীলতার সৃষ্টি করছে। ভবিষ্যতে পুঁজিবাজার বা সার্বিক অর্থনীতিতে যাতে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না হয়, সে ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।