সরকারি-বেসরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে বেসরকারিভাবে আমদানি করা প্রচুর পরিমাণ চাল আসতে শুরু করেছে। পাশাপাশি সরকারিভাবে আমদানি করা চালও এখন খালাস করা হচ্ছে বন্দরে।এর প্রভাবে চট্টগ্রামের পাইকারি বাজারে আতপ চাল কেজিপ্রতি আড়াই টাকা এবং সেদ্ধ চাল কেজিতে দেড় থেকে দুই টাকা কমে গেছে। প্রসঙ্গত, অভ্যন্তরীণ সংগ্রহ বাড়াতে সরকার গত ১ জুলাই প্রতি কেজি চালে তিন টাকা উৎসাহমূল্য ঘোষণা করে। এ নিয়ে বেসরকারি মিলমালিকদের সঙ্গে সরকারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি কেজি চালের সরকারি সংগ্রহমূল্য দাঁড়ায় ২৮ টাকা। সরকার সংগ্রহমূল্য বাড়ানোর পরপরই বাজারে চালের দাম অস্থির হয়ে ওঠে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও দাম সহনীয় পর্যায়ে থাকায় ব্যবসায়ীরা ভালো দাম পাওয়ার আশায় চাল আমদানির জন্য ব্যাপকহারে ঋণপত্র খুলতে থাকেন। সে অনুযায়ী এখন পাকিস্তান ও মিয়ানমারের পাশাপাশি ভিয়েতনাম থেকেও চাল আমদানি করা হচ্ছে বেশি।চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বন্দরে এখন বেসরকারিভাবে আমদানি করা ৪৭ হাজার ১৬২ টন চালবাহী ছয়টি জাহাজ আছে। এর মধ্যে দুটি জাহাজ থেকে চাল খালাস করা হচ্ছে। বাকি চারটি জাহাজ চাল খালাসের জন্য অপেক্ষমাণ রয়েছে বহির্নোঙরে। এসব চালের সিংহভাগ অর্থাৎ প্রায় ৩১ হাজার টনই এসেছে ভিয়েতনাম থেকে। আর পাকিস্তান থেকে ছয় হাজার এবং মিয়ানমার থেকে ১০ হাজার টন চাল আমদানি করা হয়েছে। এ প্রসঙ্গে আমদানিকারক এ জামান অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে এখন ভিয়েতনামের চালের দাম কম হওয়া ব্যবসায়ীরা সেই দেশের দিকেই ঝুঁকেছেন।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর পর্যন্ত এখন পরিবহন খরচসহ প্রতি টন ভিয়েতনামী চালের দাম পড়ছে ৩৭০ মার্কিন ডলার। সে অনুযায়ী কেজিপ্রতি দাম পড়ছে ২৬ টাকা ২১ পয়সা। আগামী এক-দুই সপ্তাহে ভিয়েতনাম থেকে আরও যেসব চাল আমদানি করা হচ্ছে সেগুলোর টনপ্রতি দাম ৩৫৫ ডলার এবং কেজিপ্রতি প্রায় ২৫ টাকা পড়বে।এ প্রসঙ্গে বিদেশি সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধি গ্রিনগ্রেইন ইন্টারন্যাশনালের পরিচালক শাকিল আহমেদ তানভীর প্রথম আলোকে বলেন, চালের সংগ্রহমূল্য বাড়ানোর পরপরই চলতি মাসে ভিয়েতনাম থেকে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এদিকে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এর মধ্যে গত এক মাসে ৫৫ হাজার টন চাল বন্দর দিয়ে খালাস করা হয়েছে। খালাসের পথে রয়েছে আরও ২০ হাজার টন চাল। এ ছাড়া ফিনিক্স কমোডিটিজ প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে গত ১১ জুলাই ৫০ হাজার টন চাল রোজার আগেই সরবরাহের ব্যাপারে চুক্তি করা হয়। এর বাইরে ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানির প্রক্রিয়া চলছে।চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, বাজারে সরবরাহ বাড়ায় প্রতি কেজিতে আড়াই টাকা কমে এখন ২৫ টাকা ৫০ পয়সা পাইকারি দরে বিক্রি হচ্ছে। সরেজমিনে পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ৫০ কেজি বস্তার মোটা সিদ্ধ চাল এখন বিক্রি হচ্ছে এক হাজার ৩২৫ টাকায়, যা ১৫ দিন আগে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হতো। একইভাবে দুই মণের পারিজা দুই হাজার ৫০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৩৫০ টাকা। মিনিকেট সেদ্ধ দুই মণের বস্তা দুই হাজার ৪০০ টাকা থেকে কমে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির অর্থ সম্পাদক জাফর আলম প্রথম আলোকে বলেন, আমদানি বাড়ার পাশাপাশি রমজানে চাহিদা কম থাকায় এবং খোলাবাজারসহ সরকারি নানা কর্মসূচিতে চাল বিতরণের ফলে বাজারে প্রভাব ফেলেছে বলে এই পাইকারি ব্যবসায়ী উল্লেখ করেন।