দেশের ব্যাংকিং খাতে দুর্নীতি কমিয়ে আনতে সরকারি ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মহিউদ্দিন আলমগীর। একই সঙ্গে সরকারকে ব্যাংক ও আর্থিক খাতের ব্যবস্থাপনা সংস্কারে একটি স্বাধীন কমিশন প্রতিষ্ঠারও পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত নুরুল মতিন স্মারক বক্তৃতায় গত রোববার তিনি এসব পরামর্শ দেন। ব্যাংকিং খাতের নৈতিকতা নিয়ে বিআইবিএম প্রতিবছরই এ বক্তৃতার আয়োজন করে। জাতিসংঘ কৃষি উন্নয়ন আন্তর্জাতিক তহবিলের (ইউএনইফাদ) সাবেক পরিচালক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন আলমগীরের বক্তৃতার বিষয় ছিল ‘ব্যাংকিং খাতে নৈতিকতা: মানবিক নির্বুদ্ধিতা না পদ্ধতিগত ব্যর্থতা’।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।
মহিউদ্দিন আলমগীর বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সরকারি ব্যাংকগুলোতে মন্দ ঋণের পরিমাণ বেশি। এ অবস্থার পরিবর্তন আনতে হলে সরকারি ব্যাংকের সংখ্যা কমানোর পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। দুটি বিষয়ই সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারের মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত মিলিয়ে আটটি ব্যাংক রয়েছে। এগুলো হলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
ব্যাংক ও আর্থিক খাতের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার আহ্বান জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘এটি অনেক দিনের কাঙ্ক্ষিত। আমি সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের “আর্থিক ও ব্যাংকিং সংস্কার কমিশন” গঠনের প্রস্তাবকেও সমর্থন করি। তা ছাড়া বাণিজ্যিক ব্যাংক তদারকিতে বাংলাদেশ ব্যাংকের সামর্থ্য বাড়াতে হবে, এটা নিয়মিত তদারকিতে রাখতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে।’
ব্যাংক খাতে নৈতিকতা বাড়ানোর করণীয় সম্পর্কে মহিউদ্দিন আলমগীর বলেন, ব্যাংকিং নৈতিকতা বলতে বোঝায় নীতিমান ব্যাংকার ও মানুষ। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ দিয়েই এ খাতের নৈতিকতা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে যোগ্য কর্মী গড়ার দিকে গুরুত্ব দিতে হবে, যাঁদের নৈতিকতাও থাকবে। এ ক্ষেত্রে বিআইবিএমের মতো প্রতিষ্ঠানের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ।
এদিকে গভর্নর আতিউর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের ব্যর্থতা ও দুর্বলতা কাটাতে আলাদা কমিশন গঠনের যে প্রস্তাব আলমগীর মহিউদ্দিন দিয়েছেন, সেটার সঙ্গে আমি বিনীতভাবে দ্বিমত পোষণ করতে চাই। কমিশন গঠনে সময় নষ্ট না করে বর্তমানে যে কাঠামো আছে, তা দিয়েই ব্যাংক খাতের সংস্কারে বেশি জোর দিতে হবে।’