বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, সরকারি খাতের ব্যাংকগুলো একটি রেখে বাকিগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। যারা এসব ষড়যন্ত্র করছে, তারাই এসব ব্যাংক কিনতে চায়।
গবেষণা প্রতিষ্ঠান ‘সমুন্নয়’-এর আয়োজনে ‘প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজন-বান্ধব?’ শীর্ষক এক পর্যালোচনা সভায় খোন্দকার ইব্রাহিম খালেদ এ মন্তব্য করেন। তথ্য অধিকার আইন ও প্রান্তজন-বান্ধব সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি প্রকল্পের আওতায় আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে ইব্রাহীম খালেদ বলেন, ৬০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ ও ৪০ হাজার কোটি টাকা অবলোপনকৃত ঋণ পুরোটাই জনগণের অর্থ। বেসরকারি ব্যাংকের চেয়ে সরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ দ্বিগুণ।
ইব্রাহীম খালেদ বলেন, ‘ভারতের মতো দেশে ৭৫ শতাংশ ব্যাংক সরকারি খাতে। আমাদের থাকলে সমস্যা কী?’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুন্নয়ের সমন্বয়ক দিলরুবা ইয়াসমীন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এনামুল হক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর।
অনুষ্ঠানে এ কে এনামুল হক বলেন, ১ কোটি ৮০ লাখ দরিদ্র একবেলা না খেয়ে থাকে। সবার জন্যই বাজেটে বরাদ্দ থাকা প্রয়োজন। সব খাতে সুশাসন আনা জরুরি হয়ে পড়েছে।