
সরকারি খাতের ব্যাংকগুলোকে ঋণ বিতরণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশ সফররত আইএমএফ মিশনপ্রধান ব্রায়ান এইটকেন বলেছেন, খেলাপি হতে পারে সরকারি ব্যাংকগুলোর এমন ঋণ দেওয়া ঠিক হবে না। ঋণ দেওয়ার আগে গ্রাহক সম্পর্কে নিশ্চিত হতে হবে। বাংলাদেশে খেলাপি ঋণ আদায় করা কঠিন, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আদায় না হলে এসব ঋণ অবলোপন করতে হবে।
বাংলাদেশ সফরের শেষ দিনে গতকাল সাংবাদিকদের ব্রিফ করেন মিশনপ্রধান। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দেরা। এ সময় সফররত দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ব্রায়ান এইটকেন বলেন, বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ প্রয়োজন, এ জন্য দীর্ঘ মেয়াদে জনগণের সঞ্চয়কে কাজে লাগাতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। জনগণের সঞ্চয়কে দেশের পুঁজিবাজারে নিতে হবে, এ জন্য নীতিগত ব্যবস্থা নিতে হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করবে।
আইএমএফ মিশনপ্রধান বলেন, উচ্চ সুদের জাতীয় সঞ্চয়পত্রের ওপর অতিনির্ভরতা আর্থিক খাতের উন্নয়নে একটি বড় প্রতিবন্ধকতা, যা সরকারি আর্থিক উপকরণের (সিকিউরিটিজ) শক্তিশালী বাজার তৈরিতেও বাধা। সামাজিক সুরক্ষা খাতে লক্ষ্য অর্জনে এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষা করে বিকল্প পন্থায় অর্থায়নের সংস্থান করতে হবে, যা হবে কম খরচে।
ব্রায়ান এইটকেন বলেন, রাজস্ব আহরণে গতি সৃষ্টি, সরকারি বিনিয়োগ ও কাঙ্ক্ষিত আর্থিক প্রবৃদ্ধির জন্য করব্যবস্থায় ব্যাপক আধুনিকায়ন প্রয়োজন। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরে নিশ্চিতভাবেই রাজস্ব আহরণ বাড়বে। এর মাধ্যমে সরকার নানা উপকার নেওয়ার সুযোগ পাবে। এতে কর প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে কর প্রদানকারীরও অভিযোগ কমে আসবে।
আইএমএফের মিশনপ্রধান বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি এখনো রপ্তানি ও রেমিট্যান্সের ওপর নির্ভর করে চলছে। বিগত কয়েক বছর যাবৎ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা অর্থনীতির স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য পর্যাপ্ত।
ব্রায়ান এইটকেন বলেন, অর্থনীতিতে যে প্রবৃদ্ধি এসেছে তা মধ্যবর্তী সময়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এ জন্য মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হতে সামষ্টিক নীতিতে পরিবর্তন আনতে হবে ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে। ঋণ পরিস্থিতির অবনতি না করে সরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্ধৃত সঞ্চয়কে কাজে লাগাতে হবে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হবে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা রয়েছে, সেটিও নীতিনির্ধারকদের মনে রাখতে হবে।
বাংলাদেশের পরিবর্তনে মুদ্রা ও আর্থিক নীতি সংস্কার, সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাত নিয়ন্ত্রণ ও তদারকি ও সামষ্টিক পরিসংখ্যানে নীতিসহায়তা দিতে আইএমএফ প্রস্তুত বলে জানান।
আইএমএফের নিয়মানুযায়ী সদস্যদেশগুলোর সামষ্টিক অর্থনীতি, সমপর্যায়ের দেশগুলোর অবস্থা ও বিশ্ব অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে সংগঠনটি মতামত ব্যক্ত করে। গত ২৬ ফেব্রুয়ারি ব্রায়ান এইটকেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী, এনবিআরের চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে।