সরকারি ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের আরও কর্তৃত্ব চান গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্যাংকগুলোর মতো সরকারি মালিকানাধীন ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তাঁর মতে, এটি হলে উভয় খাতের ব্যাংকগুলোকে একই ধরনের জবাবদিহির আওতায় আনা সম্ভব। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত ‘টুওয়ার্ডস বাংলাদেশ অ্যাট-৫০’ শীর্ষক সম্মেলনের এক সেমিনারে গতকাল শনিবার আতিউর রহমান এসব কথা বলেন। যুব অর্থনীতিবিদ সমিতির সহযোগিতায় ঢাকা স্কুল অব ইকোনমিকসের আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলনটি গত শুক্রবার শুরু হয়। গতকাল সম্মেলনের শেষ দিন ‘আর্থিক খাতের স্থিতিশীলতা: করণীয় ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারে গভর্নর মূল প্রবন্ধ পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী। এ সময় যুব অর্থনীতিবিদ সমিতির সভাপতি এ জেড এম সালেহ উপস্থিত ছিলেন।আতিউর রহমান ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা প্রয়োগে আরও কর্তৃত্ব চেয়ে বলেন, ‘আইনগত দিক থেকে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট ক্ষমতাবান। সে জন্য ব্যক্তিমালিকানাধীন ব্যাংকিং খাত পুরোপুরি নিয়মের মধ্যে চলে এসেছে। তবে সরকারি ব্যাংকের ওপর একই মাত্রায় ক্ষমতা প্রয়োগ করা যাচ্ছে না। এখানে কিছু প্রায়োগিক পার্থক্য রয়ে গেছে। এ জন্য এ খাতের ব্যাংকে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।’কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকিং খাতের ‘রেফারি’ উল্লেখ করে গভর্নর বলেন, ‘আইনি ক্ষমতা প্রয়োগের জন্য রেফারিকে প্রয়োজনীয় সব হাতিয়ার দিতে হবে। ব্যাংকিং খাতের দ্বৈতশাসনের অবসান ঘটাতে হবে।’ এ জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন ও যুগোপযোগী করার দাবি জানান তিনি। এ বিষয়ে সরকার যথাযথ নজর দেবে বলেও গভর্নর আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাঁর বক্তব্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনের ওপর জোর দেন। ‘হলমার্ক’ কেলেঙ্কারির বিষয়ে গভর্নর বলেন, এটি ব্যাংকিং খাতের একটি দুর্ঘটনা। তবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। এ ধরনের দুর্ঘটনা পার্শ্ববর্তী অনেক দেশেই ঘটছে।আতিউর আরও বলেন, ‘ব্যাংক একটি সামাজিক ব্যবসা। এতে মালিকদের আট থেকে ১০ শতাংশ শেয়ার ছাড়া বাকিটা জনগণের আমানত। জনগণের এই অর্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যেসব ব্যাংকার ব্যাংক থেকে অর্থ লুটপাটে সহায়তা করছেন, তাঁদের এ খাত থেকে সরে যেতে হবে।’শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এই বাজারের নিয়ন্ত্রক সংস্থা নয়। তার পরও ঝুঁকিমুক্ত ও নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী অবস্থান নিয়েছিল বলেই বাজার খানিকটা হলেও রক্ষা করা গেছে। তখন ব্যবস্থা না নিলে কয়েকটি ব্যাংক পড়ে যেত। আমি সেটা ঘটতে দিইনি।’ সেমিনারের সভাপতি মোস্তফা কে মুজেরী বলেন, ‘আমাদের দেশের আর্থিক খাত বিশ্ব খাতের সঙ্গে অনেকখানি সম্পর্কিত হয়েছে। আগামী বছরগুলোতে তা আরও ভালো অবস্থানে যাবে—এমনই প্রত্যাশা সবার। এ সময় আর্থিক খাতকে একটি স্থিতিস্থাপক অবস্থানে রাখতে না পারলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব না।’ দুই দিনের সম্মেলনে মোট আটটি সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত অপর তিনটি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব এস এম মঞ্জুরুল হান্নান খান, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত।