সরকারি ব্যাংকে আমানত ঋণের সুদহার কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমানত ও ঋণের সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। আর ঋণের সুদহার ঠিক করা হয়েছে সর্বোচ্চ ১৪ শতাংশ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ সুদহার কার্যকর হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে তার আগে প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন এ সুদহার কার্যকরের অনুমোদন নেওয়া হবে বলে একাধিক ব্যাংকার জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা ঋণের সুদ একক অঙ্কে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। গত রোববারও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা। সংগঠনটির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর ওই দিন বলেছেন, ঋণের সুদ একক অঙ্কে নামিয়ে আনলে তাতে বিনিয়োগ উৎসাহিত হবে।
এই অবস্থায় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের ঋণের সুদহার কমানোর সিদ্ধান্তে আদৌ বিনিয়োগ বাড়বে কি—জানতে চাইলে শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঋণের সুদহার কমানোর সিদ্ধান্তটিকে সাধুবাদ জানাই। কিন্তু যেটুকু সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বিনিয়োগে বড় ধরনের কোনো সুফল আসবে বলে মনে হয় না।’
মীর নাসির হোসেন আরও বলেন, বর্তমান বাস্তবতায় একক অঙ্কের ঋণের সুদ ছাড়া বিনিয়োগে গতি ফিরিয়ে আনা মুশকিল। কারণ, প্রতিযোগিতামূলক ব্যবসায় দিন দিন খরচ বাড়ছে কিন্তু সেই তুলনায় মুনাফা বাড়ছে না। এ ক্ষেত্রে ব্যাংকঋণের সুদহার একটি বড় নিয়ামক।
এদিকে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে ঋণের সুদ কমানোর প্রভাব বেসরকারি খাতের ব্যাংকগুলোর ওপর পড়বে কি না—জানতে চাইলে বেসরকারি ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সুদহার কমানোর ঘোষণা বেসরকারি খাতের ব্যাংকের ওপর তেমন কোনো প্রভাবই ফেলবে না। কারণ, বেসরকারি ব্যাংকগুলো আগেই এ সুদহার কমিয়ে ফেলেছে। আমি যতটা জানি, এখন বেসরকারি কোনো ব্যাংকে সাধারণভাবে ১৩/১৪ শতাংশের বেশি ঋণের সুদ নেই। আবার কোনো কোনো ঋণের সুদ একক অঙ্কেও রয়েছে। তাই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সুদহার কমানোর কোনো প্রভাব বেসরকারি ব্যাংকে পড়বে বলে মনে হয় না।’
ঋণের সুদ কমলে তা বিনিয়োগে গতি সঞ্চার করবে—ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে আনিস এ খান বলেন, বিনিয়োগ শুধু ব্যাংকঋণের সুদের ওপর নির্ভর করে না। এর সঙ্গে চাহিদা, অবকাঠামোসহ অনেক বিষয় জড়িত।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ঋণের সুদহার কমানোর ঘোষণা ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে খুব বেশি আশার সঞ্চার না করলেও ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী সঞ্চয়ে নিরুৎসাহিত হবেন। কারণ, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে আমানতের সুদহার আরেক দফা কমতে যাচ্ছে। আগে আমানতের বিপরীতে সাড়ে ৭ শতাংশ সুদ পেতেন সঞ্চয়কারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে সেটি ৫০ পয়সা কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকের প্রধান নির্বাহীরা।
বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে আমানতের সুদহার অনেক কম। তাই সঞ্চয়কারীরা ব্যাংকে আমানত রাখার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছেন। এমনকি বর্তমানে বিপুল পরিমাণ অলস টাকা পড়ে থাকায় ব্যাংকগুলোও আমানত সংগ্রহে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। এ কারণে ব্যাংক খাতে আমানতের সুদহার কমানো হচ্ছে। যদিও ব্যাংকাররা বলছেন, ঋণের সুদহার কমাতে গিয়ে আমানতের সুদহারও কমাতে হচ্ছে।
জানতে চাইলে সোনালী ব্যাংকের এমডি ও সিইও প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ঋণের সুদ ও আমানত নিয়ে যাতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে অসম প্রতিযোগিতা তৈরি না হয়, সে জন্য ঋণ ও আমানতের সর্বোচ্চ সুদহার বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রদীপ কুমার দত্ত আরও বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে অনেক ঋণের সুদ ১৪ শতাংশেরও অনেক কম। কিছু কিছু ঋণের সর্বোচ্চ সুদহার ১৬ শতাংশ পর্যন্ত রয়েছে। সেই হার কমিয়ে এখন ১৪ শতাংশ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত সোমবার অগ্রণী ব্যাংকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি ও সিইওদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, বিডিবিএল, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শীর্ষ পর্যায়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একাধিক নির্বাহী জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এ ধরনের নীতিনির্ধারণী সভা করেন। তারই অংশ হিসেবে সোমবারের সভায় সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।