রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দূর ও ভিত্তি শক্তিশালী করতে আমূল সংস্কার দরকার বলে মনে করে দেশের প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলেছে, বেশির ভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক এখন বড় ধরনের মূলধন ঘাটতিতে ভুগছে। এর কারণ বাড়তে থাকা খেলাপি ঋণ। এ সমস্যা দূর করতে সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, জানুয়ারি থেকে মার্চ সময়কালে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এক পর্যালোচনায় এসব কথা বলেছে এমসিসিআই। এ পর্যালোচনাটি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। প্রতি তিন মাস পর পর এ ধরনের পর্যালোচনা প্রকাশ করে সংগঠনটি।
এমসিসিআইয়ের পর্যালোচনায় সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলা হয়, দেশের অর্থনীতি বেশ ভালোভাবে এগোচ্ছে। তবে তা সম্ভাবনার চেয়ে কম। অবকাঠামো ঘাটতি, বিনিয়োগকারীদের আস্থার অভাব, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এখন অর্থনীতির এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। এমসিসিআই মনে করে, সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জনে বিনিয়োগের হার বাড়ানোর কোনো বিকল্প নেই।
সংগঠনটির মতে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক ছিল। এ সময় প্রধান সূচকগুলো স্থিতিশীলভাবে এগিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল, মুদ্রার বিনিময় হারও ছিল স্থিতিশীল। এ ছাড়া বৈদেশিক মুদ্রার মজুত স্বস্তিকর অবস্থানে উঠেছে। উৎপাদনশীল খাত এগিয়ে যাচ্ছে, সেবা খাতও ভালো করছে।
এ অবস্থায় এমসিসিআই মনে করে, অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সরকারকে কিছু বিষয় সতর্কভাবে দেখভাল করতে হবে। এর একটি হলো অর্থ পাচার এবং অন্যটি ব্যাংক খাতে সংস্কার। অর্থ পাচার নিয়ে এমসিসিআইয়ের পর্যালোচনায় বলা হয়, কয়েক বছর ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিনিয়োগের হার কমছে, বিপরীতে দেশ থেকে বিপুল অঙ্কের পুঁজি পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অর্থনীতিবিদেরা। এটি একটি ধাঁধা। সরকারের উচিত পুঁজি বিদেশে চলে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে দেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়।
মেট্রোপলিটন চেম্বারের পর্যালোচনায় অর্থবছরের প্রথম আট থেকে নয় মাসের একটি চিত্রও উঠে এসেছে। এতে সংগঠনটি বলেছে, আলোচ্য সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি হয়েছে। রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৯ শতাংশ। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের কাছাকাছি। অন্যদিকে আমদানি বেড়েছে প্রায় ১০ শতাংশ। বাজারে ব্যাপক মুদ্রা সরবরাহ আগের চেয়ে সামান্য কিছুটা বেশি হয়েছে। বেসরকারি খাত আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি ঋণ নিয়েছে। ব্যাংকের ঋণ ও আমানতের সুদ হারের পার্থক্য কিছুটা কমেছে এবং ঋণের গড় সুদের হারও আগের চেয়ে কম।
অন্য সূচকগুলো ইতিবাচক থাকলেও প্রবাসী আয় কমে গেছে বলে উল্লেখ করা হয় মেট্রোপলিটন চেম্বারের পর্যালোচনায়। এতে বলা হয়, গত নয় মাসে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ৯২০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। আট মাসে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৪৫ শতাংশ বেড়ে ৬০৯ কোটি ডলারে উঠেছে। পর্যালোচনায় আরও বলা হয়, এপ্রিল মাসে আমদানির চাপ ও প্রবাসী আয় কমে যাওয়ায় ডলার সংকটে টাকার মান কমে গিয়েছিল।
এমসিসিআই মনে করে, অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এতে আমদানি-রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার মজুত বাড়বে। এ ছাড়া রমজান মাস, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও হাওরে ফসলহানিতে চালের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে।
চলতি অর্থবছর শেষে অর্থনীতির সূচকগুলো কী অবস্থায় দাঁড়াতে পারে তার একটি প্রক্ষেপণ তুলে ধরেছে এমসিসিআই। সংগঠনটির মতে, এ বছর রপ্তানি আয় হতে পারে ৩ হাজার ৫৫৮ কোটি ডলার, প্রবাসী আয় আসতে পারে ১ হাজার ৪৬০ কোটি ডলারের এবং জুন মাসে বৈদেশিক মুদ্রার মজুত ৩ হাজার ২৬২ কোটি ডলারে উন্নীত হতে পারে। এ ছাড়া জুনে মূল্যস্ফীতি ৫ দশমিক ৭৫ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছে এমসিসিআইয়ের প্রক্ষেপণে।