সরকারি ব্যাংকে লুটপাটে মূলধনে ঘাটতি: ইব্রাহীম খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যাংকগুলোতে লুটপাটের কারণে মূলধনে ঘাটতি হচ্ছে। ঘাটতি পূরণে অর্থমন্ত্রী নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন না। জনগণের করের টাকা এসব ব্যাংকে মূলধন হিসেবে জোগান দেওয়া হচ্ছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত ‘ব্যাংক খাতের ঋণ পুনঃ তফসিল ও অবলোপনের প্রভাব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে খন্দকার ইব্রাহীম খালেদ এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, এভাবে টাকা লুটপাট হচ্ছে, এসব বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সরকারি ব্যাংগুলোতে ২০ শতাংশের বেশি মূলধন ঘাটতি হলে তাদের পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংককে এ ক্ষমতা দিতে হবে। তার জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন প্রয়োজন।
এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, সরকারি ব্যাংকগুলোর খেলাপি হওয়া ঋণ আদায়ে একটি পৃথক কোম্পানি গঠন করা যেতে পারে। এ ছাড়া সব ব্যাংক মিলে সিন্ডিকেট করে ঋণ আদায়ে প্রক্রিয়া নেওয়া যেতে পারে। এতে ঋণ আদায় সহজ হবে।
অনুষ্ঠানে বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।