সরকারি ব্যাংকেই খেলাপি ঋণ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খেলাপি ঋণে পর্যুদস্ত অবস্থা রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর। এ দুই খাত মিলিয়ে আট ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ৩০ হাজার ৭১ কোটি টাকার বেশি।
জাতীয় সংসদে গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের এই হিসাব দিয়েছেন। তথ্য অনুযায়ী, সরকারি মালিকানার আট ব্যাংকের বিতরণ করা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকার মধ্যে রাষ্ট্রমালিকানাধীন পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ২২ হাজার ৬৫৪ কোটি টাকা এবং তিন বিশেষায়িত ব্যাংকে ৭ হাজার ৪১৭ কোটি টাকা।
আর বেসরকারি ৩৯ ব্যাংকের বিতরণ করা ৩ লাখ ৭৭ হাজার কোটি টাকার মধ্যে খেলাপির পরিমাণ প্রায় ২২ হাজার ৭৪৭ কোটি টাকা। তবে বেসরকারি খাতের নতুন কয়েকটি ব্যাংকও কার্যক্রম শুরুর কয়েক বছর না যেতেই খেলাপি ঋণের তালিকায় ঢুকে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খেলাপি ঋণ এখন আর্থিক খাতের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক চাপ, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ছাড় দেওয়ার মানসিকতার কারণে দিন দিন খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এভাবে চলতে থাকলে ব্যাংক খাতের এ সমস্যা অর্থনীতির মৌলিক খাতগুলোকে আক্রান্ত করবে। সেটি হলে দেশের অর্থনীতির যে অগ্রযাত্রা, সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি সোনালী ব্যাংকে। এ ব্যাংকের বিতরণ করা প্রায় ২৯ হাজার কোটি টাকার মধ্যে ৮ হাজার ৩২৩ কোটি টাকায় খেলাপি। সোনালী ব্যাংকেই ঘটেছে সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত ‘হল-মার্ক’ কেলেঙ্কারির ঘটনা।
তবে শতকরা হিসাবে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে সাম্প্রতিক সময়ে কেলেঙ্কারির জন্য আলোচিত বেসিক ব্যাংক। এ ব্যাংকের প্রায় ৫৭ শতাংশ ঋণই খেলাপির খাতায় চলে গেছে। সংসদে দেওয়া অর্থমন্ত্রীর হিসাব অনুযায়ী, বেসিক ব্যাংকের বিতরণ করা প্রায় ৯ হাজার কোটি টাকার মধ্যে পাঁচ হাজার ৮০ কোটি টাকা এখন ‘লোপাটের’ হিসাবে।
এর বাইরে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ১১৬ কোটি বা প্রায় সাড়ে ১৯ শতাংশ। এ ছাড়া জনতা ও রূপালী ব্যাংকের খেলাপির পরিমাণ যথাক্রমে ৩ হাজার ৮৮৮ কোটি ও ১ হাজার ২৪৭ কোটি টাকা। জনতা ব্যাংকের খেলাপি ঋণ ১৩ শতাংশ এবং রূপালী ব্যাংকের ১০ শতাংশ।
সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ার প্রধান কারণ রাজনৈতিক চাপ। এ কারণে ঋণ প্রস্তাবগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। সংস্কৃতিটা এখন এমন দাঁড়িয়ে গেছে, ঋণ দিয়ে ব্যাংকগুলোই এখন ঋণ গ্রহীতার কাছে জিম্মি। এ অবস্থায় খেলাপি ঋণ আদায়ের কোনো ছাড় না দিতে বাংলাদেশ ব্যাংককে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
খেলাপিতেও ‘বিশেষ’ বিশেষায়িত ব্যাংক: বিশেষায়িত তিন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭ হাজার ৪১৭ কোটি টাকা। এর মধ্যে কৃষি ব্যাংকেরই খেলাপির পরিমাণ প্রায় ৫ হাজার ৩৭৩ কোটি টাকা। ব্যাংকটির বিতরণ করা ১৬ হাজার ৩০৮ কোটি টাকার মধ্যে প্রায় ৩৩ শতাংশই খেলাপি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রায় ৪ হাজার ৪৫০ কোটি টাকার মধ্যে ৩২ শতাংশ বা ১ হাজার ৪৪১ কোটি টাকা এরই মধ্যে খেলাপি হিসেবে নথিভুক্ত হয়েছে। বিশেষায়িত অপর ব্যাংক বিডিবিএলের ১ হাজার ৪০৯ কোটি টাকার মধ্যে ৬০৩ কোটি টাকায় খেলাপি হয়ে গেছে।
খেলাপিতে বেসরকারি নতুন ব্যাংকও: নতুন ব্যাংকগুলোর মধ্যে খেলাপিতে শীর্ষে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। গত মার্চ পর্যন্ত এ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকা। ২০১৩ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এ ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ ১ হাজার ৬৪৮ কোটি টাকা। এ ছাড়া নতুন ব্যাংকগুলোর মধ্যে খেলাপিতে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ফারমার্স ব্যাংক। এটির খেলাপি ঋণের পরিমাণ ৮ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া খেলাপির তালিকায় আছে এনআরবি ও মিডল্যান্ড ব্যাংক। তবে ব্যাংক দুটির খেলাপির পরিমাণ এখনো লাখের ঘরে।