সরকারি ব্যাংকের জন্য আবারও করের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যাংকগুলোর জন্য আগামী বাজেটেও দুই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ টাকা জনগণের করের টাকা। তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেননি।
‘মূলধন পুনর্গঠনে বিনিয়োগ’ নামে এ সরকারের আমলে সরকারি ব্যাংকগুলোকে মোট ১৪ হাজার কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরেও সরকারি ব্যাংকগুলোর জন্য দুই হাজার কোটি টাকা রাখা হয়েছিল, যা থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ১ হাজার ৮০০ কোটি টাকা দেওয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গতকাল বলেন, জনগণের ব্যাংক হিসাব থেকে কর কেটে নেওয়া হবে, আবার সেই টাকা দেওয়া হবে সরকারি ব্যাংকগুলোর মূলধন জোগানে। এটা একটা অনৈতিক কাজ।
ব্যাংক খাতের সংস্কার নিয়ে অর্থমন্ত্রী কিছু না বলার সমালোচনা করে ইব্রাহিম খালেদ আরও বলেন, মূলধন জোগানের নামে ব্যাংকগুলোকে টাকা দেওয়া জনস্বার্থবিরোধী। প্রতিবছর এমন উদ্যোগ চলতে পারে না।