সরকারি ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রমালিকানাধীন সব বাণিজ্যিক ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন-কাঠামোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি। তবে কমিটি নতুন কিছু সুপারিশ করেছে। কমিটি বলেছে, বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের জন্য একই ধরনের বেতন-কাঠামো হতে পারে, তবে তা হতে হবে সরকারি বেতন-কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে। সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সচিব কমিটির এই সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ব্যাপারে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশই উপস্থাপন করা হয় সচিব কমিটিতে। সচিব কমিটি পুরোপুরি একমত হয়নি। তবে বিষয়টি আবারও যাবে সচিব কমিটিতে। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়েও যেতে পারে। এটিই প্রক্রিয়া বলে জানান ওই কর্মকর্তা।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী পরিচালকের জন্য বেতন কেইস বাই কেইস নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।মহাব্যবস্থাপকদের (জিএম) প্রারম্ভিক মূল বেতন প্রস্তাব করা হয়েছে ৫২ হাজার টাকা। এ ছাড়া উপমহাব্যবস্থাপকদের (ডিজিএম) ৪২ হাজার টাকা, সহকারী মহাব্যবস্থাপকদের (এজিএম) ৩৪ হাজার, সিনিয়র প্রিন্সিপাল অফিসারদের (এসপিও) ২৬ হাজার, সিনিয়র অফিসারদের ১৬ হাজার, অফিসারদের ১৩ হাজার, জুনিয়র অফিসারদের (শিক্ষানবিশ) ১০ হাজার, সহায়ক কর্মচারী (গ্রেড-১) আট হাজার টাকা, সহায়ক কর্মচারী (গ্রেড-২) ছয় হাজার ৫০০ এবং সাধারণ কর্মচারীদের পাঁচ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল বেতনের সঙ্গে থাকবে ৬৫ শতাংশ বাসস্থান ও রক্ষণাবেক্ষণ ভাতা এবং ১০ শতাংশ আপ্যায়ন ভাতা। জিএম থেকে পিও পর্যন্ত চিকিৎসা ভাতা তিন হাজার টাকা, বাকিদের দেড় হাজার টাকা। বাসস্থান ভাতার মধ্যেই থাকবে বাসস্থানের রক্ষণাবেক্ষণ ভাতা। শুধু নিম্ন বেতনের কর্মচারীদের জন্য শিক্ষা ভাতার প্রস্তাব রয়েছে।সর্বোচ্চ দুই সন্তানের জন্য ২১ বছর বয়স পর্যন্ত শিক্ষা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারী ব্যাংকের গাড়ি ব্যবহার করেন না, তাঁদের জন্য যাতায়াত ভাতা প্রস্তাব করা হয়েছে মূল বেতনের ১০ শতাংশ। দুটি উৎসব ভাতাসহ বছরে ১৪টি বেতন দেওয়া হয় বর্তমানে। নতুন প্রস্তাবে তার কোনো পরিবর্তন হবে না। তবে শুধু মুনাফা করলেই বোনাস দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া বিশেষ বিবেচনায় নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রণোদনা ও শাস্তি দেওয়ার প্রস্তাব রয়েছে।