দুটি মন্ত্রণালয় তাদের হাতে ইজারাযোগ্য জমি নেই বলে দাবি করেছে
সরকারি শিল্পকারখানায় উদ্বৃত্ত জমি খতিয়ে দেখতে উপকমিটি গঠন
সরকারি শিল্পকারখানায় কী পরিমাণ অব্যবহূত জমি রয়েছে, তা আবার খতিয়ে দেখতে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বেসরকারীকরণ কমিশনের উদ্যোগে গঠিত এ-সংক্রান্ত কমিটির সভায় এই উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভাশেষে সরকারি উদ্বৃত্ত জমির বাণিজ্যিক ব্যবহারবিষয়ক কমিটির প্রধান ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ এ তথ্য জানিয়েছেন।কমিশন জানিয়েছে, উপকমিটির সম্ভাব্য আকার ঠিক করা হয়েছে পাঁচ সদস্যের। এর প্রধান থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালক। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন বেসরকারীকরণ কমিশনের একজন পরিচালক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক।অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের অধিভুক্ত কারখানা বা প্রতিষ্ঠান জরিপের ক্ষেত্রে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তা উপকমিটিতে কাজ করবেন। একইভাবে আসবেন বস্ত্র মন্ত্রণালয় থেকে। এ ছাড়া যে জেলায় কারখানা স্থাপিত, ওই জেলার প্রশাসক কাজের সময় কমিটিতে যুক্ত হবেন। প্রয়োজনে কমিটির পরিধি বাড়াবে কমিশন।এই কমিটি সরকারি বিভিন্ন শিল্পের অব্যবহূত জমির পরিমাণ নির্ধারণ করে তা মূল কমিটিকে জমা দেবে।এর আগে বেসরকারীকরণ কমিশন শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৯টি শিল্প-কারখানার ওপর জরিপ চালিয়ে এক হাজার ২৮৮ একর জমি ইজারাযোগ্য বলে চিহ্নিত করে। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে এ-সংক্রান্ত তথ্য চাওয়া হলে তারা বলেছে, তাদের হাতে ইজারাযোগ্য কোনো জমি নেই।সরকারি শিল্পকারখানার বেসরকারীকরণ কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসার পর সম্প্রতি কমিশন সরকারি উদ্বৃত্ত বা অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেয়। পরে প্রধানমন্ত্রী কমিশনের এই উদ্যোগের অনুমোদন দেন। তারই পরিপ্রেক্ষিতে সরকারি জমি ইজারা প্রদানের নীতিমালা ও করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান (বর্তমানে ছুটিতে)। কিন্তু পদ্মা সেতু দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তাঁর জায়গায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদকে স্থলাভিষিক্ত করা হয়।কিন্তু সম্প্রতি দুটি মন্ত্রণালয় তাদের হাতে ইজারাযোগ্য জমি নেই বলে দাবি করায় সরকারি উদ্বৃত্ত জমির বাণিজ্যিকভাবে ব্যবহারে কমিশনের নেওয়া উদ্যোগের বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়। এমন পরিস্থিতিতে গতকালের সভায় সরকারি উদ্বৃত্ত জমির পরিমাণ নির্ধারণে উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।