সরকারি শেয়ার বাজারে ছাড়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে সরকারি মালিকানাধীন আটটি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান শাকিল রিজভী। আজ মঙ্গলবার দুপুরে ডিএসই মেম্বারস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল রিজভী বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা পুঁজিবাজার উন্নয়নে আগামী ২০ দিনের মধ্যে যে আটটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই।’ তিনি বলেন, নতুন শেয়ার সরবরাহের ঘোষণায় বিনিয়োগকারীদের চাহিদা পূরণের পাশাপাশি পুঁজিবাজার আরও টেকসই ও গতিশীল হবে। এতে করে ভালো ও মৌলভিত্তির শেয়ারের সরবরাহ বাড়বে এবং বাজার স্থিতিশীল হবে। শেয়ারের সরবরাহ বাড়িয়ে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ফলে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বিনিয়োগকারীরা আরও আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শাকিল রিজভী। রিজভী বলেন, বাজারে শেয়ার সরবরাহ বাড়ার ফলে একদিকে যেমন পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ বাড়বে, অন্যদিকে বাজারের গভীরতাও বাড়বে। বাজারের গভীরতা যতই বাড়বে, বাজার ততই স্থিতিশীল হবে।শাকিল রিজভী বলেন, একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে, সরকারের হাতে ৫১ ভাগ শেয়ার না থাকলে সরকারি প্রতিষ্ঠানের ওপর সরকারি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ২০ এমনকি ১০ শতাংশ শেয়ার হাতে রেখেও সরকারি প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকতে পারে।সরকারি শেয়ার পুঁজিবাজারে ছাড়লে তা আখেরে সরকারেরই লাভ বলে মন্তব্য করেন শাকিল রিজভী। তিনি বলেন, পুঁজিবাজারে সরকারি শেয়ার ছাড়লে সরকারি প্রতিষ্ঠানের জন্য সরকার পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্ষমতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে। শাকিল রিজভী মনে করেন, সরকারি শেয়ার অতি দ্রুত বাজারে আনার পাশাপাশি ভালো বেসরকারি শেয়ারও বাজারে আনার ব্যাপারে সরকারের জোরাল উদ্যোগ প্রয়োজন।বাজারে অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ না করার ব্যাপারে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ডিএসইর সভাপতি। তিনি ভেবেচিন্তে প্রতিষ্ঠানের মৌলভিত্তি দেখে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান ও ডিএসইর সহসভাপতি মো. রফিকুল ইসলাম।উল্লেখ্য, গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি মালিকানাধীন আটটি প্রতিষ্ঠানের আরও শেয়ার আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুঁজিবাজারে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছে বলে তিনি জানান। অর্থমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসই কর্তৃপক্ষ।