সরকারি শেয়ারে আগ্রহ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে সরকারি বিদু্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর প্রতিই তাঁদের আগ্রহ বেশি লক্ষ করা যাচ্ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজারচিত্র বিশ্লেষণে এ তথ্য মিলেছে। গত সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানির মধ্যে চারটিই ছিল সরকারনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। সেগুলো হলো: তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। এর মধ্যে তিনটি কোম্পানিই বিদ্যুৎ ও জ্বালানি খাতের। অপরটি হলো, টেলিযোগাযোগ খাতের কোম্পানি। আর বেসরকারি কোম্পানিটি হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে লেনদেনের শীর্ষে থাকা সরকারনিয়ন্ত্রিত চার কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৪ কোটি টাকা, যা ওই সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ। এই চার কোম্পানির প্রতিটিরই আর্থিক বছর শেষ হয়েছে গত জুন মাসে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্লস তার শেয়ারধারীদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি তিনটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার বিষয়টি সামনে রয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লভ্যাংশ ঘোষণার বিষয়টিকে সামনে রেখে এবং বিগত সময়ের আর্থিক অবস্থার বিবেচনায় সরকারনিয়ন্ত্রিত এসব প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, যেসব কোম্পানির আর্থিক বছর গত জুনে শেষ হয়েছে এবং সামনে যেসব কোম্পানির লভ্যাংশের ঘোষণা আসবে, সেগুলোর প্রতিই এখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। সে ক্ষেত্রে সরকারি কোম্পানিগুলোর প্রতি আগ্রহ তৈরির প্রধান কারণ হলো এসব কোম্পানি অতীতে ভালো লভ্যাংশ দিয়েছে। তাদের আর্থিক অবস্থাও ভালো। তাই ভালো লভ্যাংশের আশায় এসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ তৈরি হয়েছে। বেসরকারি খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের আর্থিক বছর শেষ হবে আগামী ডিসেম্বরে। সাপ্তাহিক বাজারচিত্র: গত সপ্তাহ শেষে ডিএসইর সবকটি সূচকই ছিল নেতিবাচক। এর মধ্যে সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় পৌনে ৩ শতাংশ বা ১২২ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ৩২৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর অধিকাংশেরই দরপতন ঘটেছে। সেই সঙ্গে কমে গেছে লেনদেনের পরিমাণও।সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৯৭১ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২৫৬ কোটি টাকা বা প্রায় ৮ শতাংশ কম। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন কমে নেমে এসেছে প্রায় ৫৯৪ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ৬৪৫ কোটি টাকা।