সরকারি সংস্থার বকেয়া আদায়ে বিশেষ নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে (২০১৬-১৭) সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা রাজস্ব আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বছরের শুরু থেকেই সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে অন্য সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও আইনি সহায়তা নেওয়া হবে।
গত শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সরকারি ছুটি হলেও অর্থবছরের প্রথম দিনেই রাজস্ব আদায়ের কৌশল নিয়ে সভা করে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব বকেয়া পড়ে আছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ বকেয়া রয়েছে সরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে।
এনবিআরের বোর্ড সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকেই সরকারি প্রতিষ্ঠানের বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগী হবে এনবিআর।
এ বিষয়ে এনবিআরের একজন সদস্য প্রথম আলোকে বলেন, বছরের শেষ দিকে সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ে উদ্যোগ নেওয়া হলে খুব বেশি রাজস্ব পাওয়া যায় না। যেহেতু এবার লক্ষ্য বেশ বড়, বছরের শুরু থেকেই তাই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেবে এনবিআর। অন্তত ১০-১৫ হাজার কোটি টাকা আদায় করা গেলেও তা বড় লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
চলতি অর্থবছরে এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরে এনবিআরের মূল লক্ষ্য ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হওয়ায় বছরের শেষ দিকে তা কমিয়ে দেড় লাখ কোটি টাকায় নামিয়ে আনা হয়। শেষ পর্যন্ত এ লক্ষ্য অর্জন করে এনবিআর। আদায় করে ১ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা।
এ বছরের রাজস্ব আদায়ে কৌশল নির্ধারণী বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো তৃণমূল পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে ব্যক্তিশ্রেণির করের জাল বিস্তৃত করা।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল সেন্টার রয়েছে, তা ব্যবহার করে ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিটি নম্বর (ইটিআইএন) দেওয়া হবে। এ ছাড়া ব্যবসায়ীরা যাতে রাজস্ব প্রদানে উৎসাহিত হন, সে জন্য যৌথ অংশীদারত্ব প্রতিষ্ঠার জন্য সিটি করপোরেশন ও জেলা শহরগুলোর বাইরে ইউনিয়ন-উপজেলায় পর্যায়ে যাবে এনবিআর।
এনবিআরের বোর্ড সভা সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখা হবে। ব্যবসায়ীরা যাতে শুল্ক কর দেওয়ার বিষয়ে যথাযথ আইন ও নীতি মেনে চলেন, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে এসব সভা করা হবে। প্রস্তাবিত অর্থবিল সংশোধন করে যেসব পরিবর্তন আনা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কী ধরনের কৌশল নেওয়া যায়, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে।
শিগগির শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও কর আদায়ে প্রতিটি কমিশনারেটের আলাদা রাজস্ব লক্ষ্য জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া রাজস্ব আদায়ে দক্ষতা বাড়াতে এনবিআরের দুটি প্রশিক্ষণ একাডেমির মান উন্নয়নের সিদ্ধান্ত হয়।