সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভা
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির এক সভা গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি কে এইচ রশিদুজ্জামান সভাপতিত্ব করেন।সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিম্নমানের আসবাবপত্র সংগ্রহের কারণে অডিট আপত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে সরবরাহকৃত নিম্নমানের ৩৩০৯টি আলমারি ক্রয়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং এর জন্য কারা দায়ী তদন্তপূর্বক তা নিরূপণ করে আগামী দুই মাসের মধ্যে কমিটিকে অবহিত করার জন্য সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। খবর তথ্য বিবরণীর।এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এ চারটি উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব আদায় ব্যবস্থাপনা ২০০০-০১ থেকে ২০০২-২০০৩ সাল পর্যন্ত সময়ের হিসাব সম্পর্কিত অডিট আপত্তির বিষয়েও সভায় আলোচনা হয়। কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, এম কে আনোয়ার, মুহা. ইমাজ উদ্দিন, মোহাম্মদ ছায়েদুল হক, এ কে এম রহমতুল্লাহ, হাফিজ, আহমদ মজুমদার, মেজর জেনারেল অব. আবদুস সালাম, নারায়ণচন্দ্র চন্দ এবং ফরিদা আখতার সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহম্মদ আতাউল হাকিম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহম্মদ মাহবুবুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো. সহিদ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।