সরকারিভাবে দুই লাখ টন চিনি আমদানি করা হবে
চিনির দাম নিয়ন্ত্রণে আনতে সরকার বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মাধ্যমে প্রায় দুই লাখ মেট্রিক টন চিনি আমদানি ও ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।এর মধ্যে রাষ্ট্রীয়ভাবে চুক্তির আওতায় আনা হবে এক লাখ টন। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হবে ৭৫ হাজার টন। আর স্থানীয় বাজার থেকে কেনা হবে ২০ হাজার টন চিনি।রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট-টু-স্টেট) চুক্তির মাধ্যমে ব্রাজিল থেকে এক লাখ মেট্রিক টন চিনি আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত রিকার্ডো এল ভায়ানা ডি কারভালো। গতকাল দুপুরে শিল্পগুমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে এ কথা জানান তিনি। বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস, বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাসের কর্মকর্তা দেব্রিয়ার আইজিয়াস ডা সিলভাসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি চিনিকলগুলোর উৎপাদন থেকে বাজারে সরবরাহ করা হবে প্রায় সোয়া এক লাখ টন চিনি। চিনি ও খাদ্যশিল্প করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, বেসরকারি কলগুলো থেকে সরবরাহ করা চিনির দামের সঙ্গে সরকারি চিনিকলের দামের পার্থক্য ১৫ টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন থেকে ডিলারদের চিনি দেওয়া হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। আর বেসরকারি খাত থেকে বাজারে প্রতি কেজি চিনি বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে বর্তমানে বাজারে প্রতি কেজি চিনি ৫৯ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে চিনির দাম সোয়া ছয় শতাংশ বেড়েছে। দেশের ছয়টি চিনিকলের কাছ থেকে বাজারে এই চিনি সরবরাহ করা হচ্ছে। মূলত ব্রাজিল ও কিউবা থেকে অপরিশোধিত চিনি আমদানি করে দেশে তা পরিশোধন করে বিক্রি করেন মিলমালিকেরা।চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, গত বছর এক লাখ সাত হাজার টন লক্ষ্যমাত্রা নিয়ে উৎপাদন হয়েছিল ৬২ হাজার ২২৫ টন। এ বছর আখ চাষিদের উৎসাহ দিতে উঠানবৈঠক করা হয়েছে এবং সহজে ঋণ দেওয়া হয়েছে। ফলে উৎপাদন বেড়েছে।এবার সরকারি আটটি চিনিকলে এক লাখ ১৮ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।