এ সপ্তাহের সাক্ষাৎকার: রমজান মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী
সরকারিভাবে দেশে পণ্যের চাহিদা কম দেখানো হয়
প্রথম আলো: প্রতিবছর রমজান মাসের আগে বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকহারে বেড়ে যায়। এটা কেন হয়?আবুল বশর চৌধুরী: এই কথাটি পুরোপুরি ঠিক নয়। রমজান মাসের আগে কিছু কিছু ভোগ্যপণ্যের চাহিদা দ্বিগুণ বা তার চেয়ে বেশি বাড়ে। আবার রমজান মাসের পণ্যের বেশির ভাগই আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামার কারণেও বাজারে প্রভাব পড়ে। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় এবার রমজান মাসের আগে চিনি, চাল, গম ও গম থেকে প্রস্তুত পণ্যের দাম বাড়েনি। তবে ছোলা, ডাল ও সয়াবিনের দাম কিছুটা বেড়েছে। ছোলার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ বেশি না থাকায় দাম বেড়েছে। নানা কারণে কয়েকটি পরিশোধনাগার সয়াবিন তেল আমদানি কম করেছে। এতে সীমিত সংখ্যক শোধন কারখানায় বাড়তি চাহিদার চাপ পড়ে। তাই সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছিল।প্রথম আলো: আমদানিনির্ভর পণ্যের বেশির ভাগ এখন গুটিকয়েক আমদানিকারকই আমদানি করছেন। দাম বাড়ার ক্ষেত্রে বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না?আবুল বশর চৌধুরী: দুটি কারণে আমদানিকারকের সংখ্যা আপাতত কমেছে। প্রথমত, দুই বছর ধরে বেশির ভাগ পণ্যে আমদানিকারক ও শোধন কারখানাগুলো বিপুল অঙ্কের লোকসান দিয়েছে। তাই ব্যাংক ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় অনেকেই ঋণপত্র খুলতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, বর্তমান বাজারব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়ায় অনেকে ঝড়ে যায়। আবার নতুন কিছু যোগও হয়। এ ছাড়া দেশীয় শোধন কারখানার উৎপাদনের সক্ষমতা চাহিদার চেয়ে বেশি থাকায় ভোজ্যতেল ও পরিশোধিত চিনি আমদানিকারকের সংখ্যা কমেছে। আবার চাল, গম ও ডালজাতীয় পণ্যে এখনো সারা দেশে কমপক্ষে ২০০ জন আমদানিকারক আছেন। এত সংখ্যক আমদানিকারক থাকায় কোনো অবস্থাতেই কারও মনোপলি বা একচেটিয়া করার সুযোগ নেই। প্রথম আলো: সরকারিভাবে চাহিদা ও সরবরাহের যে পরিসংখ্যান দেওয়া হয় সেটি কি সঠিক?আবুল বশর চৌধুরী: সরকারিভাবে দেশের চাহিদা কম দেখানো হয়। যে কারণে পরিসংখ্যান দেখে অনেক সময় পণ্য আমদানিতে নিরুৎসাহিত হন ব্যবসায়ীরা। যেমন, শুধু চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানই দেওয়া হয়। অথচ কয়েকটি ভোগ্যপণ্য বড় পরিমাণে স্থলবন্দর দিয়ে আমদানি হয়। আবার বাংলাদেশ ব্যাংক শুধু টাকার অঙ্কে ঋণপত্রের হিসাব দেয়। এ থেকে কী পরিমাণে পণ্য আমদানি হয় তা ধারণা পাওয়া কঠিন। তাই এ কারণে পণ্যের চাহিদা ও সরবরাহে অনেক সময় বিঘ্ন ঘটে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য পণ্যের উৎপাদনের পরিমাণ, চাহিদা ও সরবরাহের সমসাময়িক তথ্য দরকার। প্রথম আলো: আমদানিকারকদের কী কী সমস্যার মোকাবিলা করতে হয়?আবুল বশর চৌধুরী: সমস্যা অনেক। পণ্যের দাম বাড়লে শুধু ব্যবসায়ীদের দায়ী করা হয়। কিন্তু পণ্যের দাম বাড়ার কারণ খুঁজে বের করে নিরসনের চেষ্টা নেই কারোর। এখনো পণ্য আমদানিতে ১৬-১৭ শতাংশ সুদ গুনতে হয়। ডলারের দামও বেড়েছে। আবার বড় জাহাজ থেকে ছোট জাহাজে এবং ট্রাকে করে গুদামে পণ্য নিতে পথে অন্তত দুই থেকে তিন শতাংশ পণ্য ‘ট্রানজিট লস্ট’ বা খোয়া যায়। ভারী বর্ষণ হলে পানিতে ভিজে পণ্য নষ্ট হয়। জাহাজ থেকে পণ্য খালাসে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা ঘটে। তাই পণ্যের দামে প্রভাব পড়ে। আবার আমদানিকারকদেরও অনেক সময় লোকসানে পণ্য বিক্রি করতে হয়। প্রথম আলো: পণ্যের দাম সহনীয় রাখতে সরকার যে বাজার তদারকি করে, তার সুফল পাওয়া যায় না কেন?আবুল বশর চৌধুরী: মুক্তবাজারে সরকার যেখানে ডলারের নিয়ন্ত্রণ করতে পারে না সেখানে পণ্যের দাম বেঁধে তদারকি সম্ভব নয়। একেক সংস্থার একেক সিদ্ধান্ত দিয়ে বাজার স্বাভাবিক রাখা যায় না। সরকার বিপুল পরিমাণ পণ্য আমদানির ঘোষণা দিয়েও বাস্তবে চাহিদার এক থেকে দুই শতাংশের বেশি আমদানি করতে পারে না। ভর্তুকি মূল্যেও বিক্রি করার কথা প্রচার করে। কিন্তু এ ধরনের ঘোষণার কারণে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীরা আমদানিতে নিরুসাহিত হয়। সরকারের উচিত, স্পর্শকাতর পণ্যের ‘বাফার স্টক’ বা আপৎকালীন মজুদ গড়ে তোলা। যদি বাজারে কোনো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় তখন ওই মজুদ থেকে যৌক্তিক মূল্যে চাহিদা অনুযায়ী পণ্য বাজারে ছেড়ে দিলে কেউ বাড়তি ফায়দা নেওয়ার সুযোগ পাবে না। ভারতের কয়েকটি সংস্থা এভাবে বাজারে হস্তক্ষেপ করে। আসলে সরবরাহ পর্যাপ্ত থাকলে কোনো তদারকির দরকার হয় না।[সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ]