সরকারের অনুমোদন নিয়েই আনুষ্ঠানিক প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদিকে কাছে পেয়ে ভারতে বিনিয়োগের যে তাৎক্ষণিক প্রস্তাব বিজিএমইএ দিয়েছে সেটিকে এখন আনুষ্ঠানিক রূপ দিয়ে চায় সংগঠনটি। এ জন্য মূল পরিকল্পনা তৈরির করে বাংলাদেশ সরকারের অনুমোদন নেওয়ার পর ভারতে তা আনুষ্ঠানিকভাবে পাঠাবে বিজিএমইএ।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বিনিয়োগ প্রস্তাবের মূল পরিকল্পনা (লে-আউট) তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে পাঠাব। কারণ বিনিয়োগ করতে হলে বিপুল পরিমাণ অর্থ ভারতে নিয়ে যেতে হবে। সে জন্য সরকারের অনুমোদন লাগবে।’
সরকারের অনুমোদন পাওয়ার পরই বিজিএমইএ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠাবে বলে জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবটি পছন্দ করেছেন, তাই যত শিগগিরই সম্ভব আমরা প্রস্তাবটি পাঠাব।’
মোদির সফরের শেষ দিন গত রোববার বিকেলে সোনারগাঁও হোটেলে এফবিসিসিআইয়ের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় আতিকুল ইসলাম মোদির কাছে তাঁর দেশের ৫০ একর জমি বরাদ্দ চান। ওই জায়গার ওপর ভারতের সবচেয়ে বড় পোশাক-পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র গড়ে তুলতে চায় বিজিএমইএ। এ ছাড়া ভারতে তৈরি পোশাকের এক হাজার বিক্রয়কেন্দ্র স্থাপনও করতে আগ্রহ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি। এসবের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করে একটি কোম্পানি গঠন করা হবে বলে জানান তিনি।
যেহেতু নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, সেহেতু পুরো প্রস্তাবটি সরকারের মাধ্যমে দিলে গুরুত্ব পেত কি না—জানতে চাইলে আতিকুল ইসলাম গতকাল বলেন, ‘সেটি করতে পারলে হয়তো ভালো হতো। যেহেতু হয়নি, তাই এখন অনুমোদন নিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দেব।’ তাহলে প্রস্তাবটি কি হুট করেই দেওয়া হয়েছে? এ বিষয়ে তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে আমি চিন্তাভাবনা করছিলাম। তাই একেবারেই তাৎক্ষণিক বলা যাবে না।’
অপর এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, ‘৭০ শতাংশ পোশাক ও বাকি ৩০ শতাংশ অন্য ব্যবসায়ীদের নিয়ে পুরো বিনিয়োগটির পরিকল্পনা করা হবে। আজ (গতকাল) গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর অনেক ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছেন।
রোববারের বৈঠক বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, ‘জমির কথা বললে মোদি প্রথমে বলেন, “জমি পাওয়াই তো সমস্যা।” তখন আমি বলি, আপনার গুজরাটে দিতে পারেন। তখন মোদি “হুম” বলেন।’