সরকারের আয় বসে বসে খাচ্ছে বেসরকারি বিমা কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আয় করছে, আর কোনো পরিশ্রম ছাড়াই বসে বসে তা খাচ্ছে বেসরকারি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানিগুলো। অদ্ভুত এ ঘটনা ঘটছে দেশের বিমা খাতে।
দুই যুগ ধরে এই মজা পেয়ে আসছে সাধারণ বিমা কোম্পানিগুলো। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে, বেসরকারি বীমা কোম্পানিগুলোর স্বার্থে সরকার নিজেই এমন সুযোগ করে দিয়েছে।
সরকারি সম্পত্তির বিমাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা সাধারণ বিমা করপোরেশন (এসবিসি)। সংস্থাটি গত পাঁচ বছরে (২০০৯-১৩) সরকারি সম্পত্তির বিমা করে এক হাজার ৪৭৮ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। এ থেকে অর্ধেক, অর্থাৎ ৭৩৯ কোটি টাকা নিয়ে গেছে ৪৩টি বেসরকারি সাধারণ বিমা কোম্পানি।
গত বছরের জুলাইয়ে আরও দুটি সাধারণ বিমা কোম্পানি নতুন লাইসেন্স পেয়েছে। সে হিসেবে এখন থেকে ৪৫টি নন-লাইফ বিমা কোম্পানি এ সুযোগ ভোগ করবে।
ইনস্যুরেন্স করপোরেশন অ্যাক্ট ১৯৭৩ সংশোধন করে ১৯৯০ সালে সরকারি আয় ভাগাভাগির এই পদ্ধতি দেশে প্রথম চালু করা হয়। এরপর সমঝোতা চুক্তির মাধ্যমে কোম্পানিগুলোকে তা দিয়ে আসছে এসবিসি। ২৪ বছরে কত কোটি টাকা বেসরকারি কোম্পানিগুলোকে দিয়ে দিতে হয়েছে, তার পুরো চিত্র এসবিসি কর্তৃপক্ষ জানাতে পারেনি।
এসবিসি থেকে প্রাপ্ত পাঁচ বছরের চিত্র বিশ্লেষণে অবশ্য দেখা যায়, সরকারি সম্পত্তির বিমা করে সংস্থাটি ২০০৯ সালে ২৪৭ কোটি ৮২ লাখ টাকা, ২০১০ সালে ২৪৯ কোটি ৫০ লাখ টাকা, ১০১১ সালে ২৯৮ কোটি ৮০ লাখ টাকা, ২০১২ সালে ৩৩৫ কোটি ৪৪ লাখ টাকা এবং ২০১৩ সালে ৩৪৬ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে। পাঁচ বছরের এই আয় থেকে অর্ধেক পেয়ে গেছে বেসরকারি কোম্পানিগুলো।
বিমা খাত বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন থাকলেও ২০০৮ সালের নভেম্বরের আগ পর্যন্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। ১৯৯০ সালের ২১ এপ্রিল এসবিসির উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে জানায়, ‘সরকারি খাতের ব্যবসার (পিএসবি) মোট মুনাফার ৫০ শতাংশ প্রতিবছর সমহারে বিমা কোম্পানিগুলোকে দিতে হবে।’
পরীক্ষামূলকভাবে চালুর কথা বলে বাণিজ্য মন্ত্রণালয় কয়েক বছর পর তা উঠিয়ে নেবে বলেও আশ্বাস দিয়েছিল এসবিসিকে। বাস্তবে তা আর হয়নি। দুই যুগ ধরেই মুনাফা দেওয়া হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে। এ জন্য একটি কমিটি রয়েছে, যার সভাপতি এসবিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এসবিসি থেকে এই মুনাফা নিয়ে কিছু বিমা কোম্পানি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয় বলে জানা গেছে।
এসবিসির এমডি মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আইনে আছে বলেই বেসরকারি বিমা কোম্পানিগুলোকে মুনাফা দিতে হচ্ছে।’ নতুন লাইসেন্স পাওয়া সেনাকল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি ও শিকদার ইনস্যুরেন্স কোম্পানি কার্যক্রম শুরু করেছে কয়েক মাস আগে। রেজাউল করিম বলেন, ‘এরই মধ্যে মুনাফার ভাগ নেওয়ার তালিকায় ঢুকে গেছে তারা।’
জানা গেছে, ২৪ বছরে অন্তত চারবার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েও বিমা কোম্পানির মালিকদের হস্তক্ষেপে তা থেকে পিছিয়ে এসেছে সরকার। বরাবরের মতো এবারও বাদ সেধেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করছেন বলে জানা গেছে। সম্প্রতি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কয়েক মাস আগেই সংশ্লিষ্টদের কাছে খসড়া পাঠানো হয়েছে মতামতের জন্য। এসবিসি মন্ত্রণালয়ে যে মতামত পাঠিয়েছে, তাতে এই বিষয়টি সংশোধনের কথা বলা নেই।
এসবিসি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো জানায়, বেসরকারি বিমা কোম্পানিকে মুনাফা দেওয়ার বিষয়ে নিজেরা নিজেরা কথা বললেও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে কিছু জানায় না। এর নেপথ্যেও রয়েছে বিআইএর চাপ।
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শুরুর দিকে নন-লাইফ বিমা কোম্পানিগুলোকে সুযোগটি দেওয়া হলেও বর্তমানে তা পুনর্বিবেচনা করা উচিত। কোম্পানিগুলো বছরের পর বছর বিনা পরিশ্রমে সরকারের আয় ভোগ করতে পারে না।’
বিআইএর সভাপতি শেখ কবির হোসেন দেশের বাইরে থাকায় কথা বলা সম্ভব হয়নি। সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
বিমা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে যে ৪৫টি নন-লাইফ বিমা কোম্পানির জন্ম হলো, তারও নেপথ্যে কাজ করেছে এই মুনাফার ভাগাভাগি। সুবিধাটি তুলে নেওয়া হলে কিছু কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। বিষয়টি অবশ্য গোটা বিমা খাতের জন্য ইতিবাচক হবে।
বিআইএর সদস্য পি কে রায় প্রথম আলোকে বলেন, বর্তমানে সরকারি সম্পত্তির একমাত্র বিমাকারী সংস্থা এসবিসি। সুবিধাটি উঠিয়ে নিলে বেসরকারি কোম্পানিগুলোকেও সরকারি সম্পত্তির বিমা করার সুযোগ দিতে হবে।
এসবিসি সূত্রগুলো অবশ্য জানায়, সরকারি সম্পত্তির বিমা করার ক্ষেত্রে উন্নত সব দেশই রক্ষণশীল। কারণ, সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতির পরিমাণ সাধারণত বড় হয়, যা বহনের সক্ষমতা বেসরকারি কোম্পানিগুলোর থাকে না। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরকারি সম্পত্তির বিমা ওই সব দেশের রাষ্ট্রায়ত্ত বিমা করপোরেশনই করে থাকে।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এ বিষয়ে কারও কাছ থেকে এখনো কোনো মতামত পাওয়া যায়নি বলে উল্লেখ করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘খসড়া চূড়ান্ত করার আগে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সরকারি সম্পত্তির বিমা করে সাধারণ বীমা করপোরেশনের
পাঁচ বছরের আয়
২০০৯ ২৪৭ কোটি ৮২ লাখ টাকা
২০১০ ২৪৯ কোটি ৫০ লাখ টাকা
২০১১ ২৯৮ কোটি ৮০ লাখ টাকা
২০১২ ৩৩৫ কোটি ৪৪ লাখ টাকা
২০১৩ ৩৪৬ কোটি ২৬ লাখ টাকা
আয় থেকে অর্ধেকই নিয়ে গেছে বেসরকারি কোম্পানিগুলো। সরকারি আয় ভাগাভাগির এই পদ্ধতি দেশে প্রথম চালু করা হয় ১৯৯০ সালে