সরকারের উদ্যোগ থাকলেও তা শ্লথ হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনরুদ্ধার করার জন্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ থাকলেও তা শ্লথগতিতে অগ্রসর হচ্ছে।
সলিডারিটি সেন্টার বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মীদের কার্যকরী সুরক্ষার জন্য প্রাপ্ত অভিযোগসমূহ সম্পর্কে শ্রম পরিচালকের পদক্ষেপ সন্তোষজনক নয়। এ ছাড়া ইউনিয়ন কর্মী বাবুল ও কল্পনা আক্তারের বিরুদ্ধে অভিযোগসমূহ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
রাজধানীর গুলশানের এক হোটেলে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিটি সেন্টারের সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এ কে এম নাসিম।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সলিডারিটি সেন্টারের আবাসিক কর্মসূচি পরিচালক এলোনজো সুসন, স্বাধীন বাংলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক এম এ কে আজাদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব সালাউদ্দিন স্বপন, শ্রম মন্ত্রণালয়ের সহকারী সচিব মেহেদী হাসান প্রমুখ।
এলোনজো সুসন বলেন, জিএসপি পুনরুদ্ধারে সব পক্ষকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তবে সরকারের উদ্যোগে শ্লথগতি রয়েছে।
এলোনজো সুসন মনে করেন, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কারখানা পরিদর্শক নিয়োগ দিতে হবে। তাঁরা যাতে কারখানা পরিদর্শনকালে সবকিছু নজরদারিতে আনতে পারেন।
এ ছাড়া নন-কমপ্লায়েন্ট পোশাক কারখানাকে সব ধরনের সুবিধা বন্ধ করে দেওয়ার জন্য মালিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এ কে এম নাসিম বলেন, ২০১৪ সালের জুনের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে জিএসপি সুবিধা ফিরে পাওয়ায় দীর্ঘসূত্রতা বাড়বে।
সালাউদ্দিন স্বপন বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারলে শিল্পের কোনো উন্নতি হবে না।
গত ২৭ জুন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে। জিএসপি সুবিধা পুনর্বহালে গত ২৭ জুলাই যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য একটি কর্মপরিকল্পনাও প্রকাশ করে।