সরকারের ঋণ ও বাজেট ঘাটতি উদ্বেগের কারণ
সরকারের ঋণ ও বাজেট ঘাটতি পরিস্থিতি রাজস্ব ও অর্থ ব্যবস্থাপনায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। তারা মনে করছে, ক্রমাগত ঋণ বৃদ্ধি সামষ্টিক অর্থনীতির স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। এতে প্রকৃত সুদহার বেড়ে বেসরকারি খাতের বিনিয়োগ সংকুচিত হচ্ছে। অন্যদিকে, এই ঋণের দায় পরিশোধ করতে গিয়ে সরকারের বিনিয়োগের ক্ষমতা কমছে। ফলে সামাজিক খাতেও সরকারের ব্যয় কমে যাচ্ছে।উন্নয়ন অন্বেষণ তাদের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় এ কথা বলেছে। সংস্থাটি গতকাল শনিবার সংবাদপত্রে তাদের হালনাগাদ পর্যালোচনার প্রতিবেদন পাঠিয়েছে। এতে মাথাপিছু ঋণ, ঘাটতি অর্থায়ন, মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্য পরিস্থিতি, সঞ্চয়-বিনিয়োগ পরিস্থিতিসহ সামষ্টিক অর্থনীতির নানা দিক নিয়ে তাদের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। উন্নয়ন অন্বেষণ বলছে, জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে। যা ২০০৯-১০ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১০-১১ সালে দাঁড়িয়েছে ১৬৩ ডলার বা ১২ হাজার ২৪১ টাকা। এই পরিমাণ অর্থ মাথাপিছু জিডিপির প্রায় ২৩ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু ঋণের পরিমাণ হবে ১৭১ দশমিক ৮৩ ডলার বা ১৩ হাজার ৭১৭ টাকা। সংস্থাটি বলছে, দেশে বাজেট ঘাটতি মেটাতেই ঋণ প্রবণতা ক্রমশ বাড়ছে। আর এই ঋণের আসল ও সুদ পরিশোধ করতে গিয়ে নতুন করে ঘাটতি তৈরি হচ্ছে। ঋণ পরিশোধের অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য সরকার ভ্যাটের মতো করারোপও করেছে। অন্যদিকে, সামাজিক সুরক্ষা খাতে প্রয়োজনের তুলনায় নগণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে, যা অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। উন্নয়ন অন্বেষণ বাজেট তথ্য বিশ্লেষণ করে বলছে, সরকারি ব্যয়ের বড় খাত হলো সুদ পরিশোধ। ২০০৯-১০ অর্থবছরে অনুুন্নয়ন ব্যয়ের ১৯ দশমিক ২ শতাংশ সুদ পরিশোধে ব্যয় হয়। আর ২০১১-১২ অর্থবছরে ব্যয় করা হয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎ স থেকে ঋণ নিয়ে থাকে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক প্রভৃতি ঋণকারী সংস্থার দারস্থ হতে হয়। এতে নানা শর্তের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়তে হয়, যা অর্থনীতির চালিকা শক্তিকে দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পতিত করে। যেমন, বর্তমানে আইএমএফের পরামর্শ মতো সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে। এতে বাজারে তারল্য সংকট সৃষ্টি হয়ে বিনিয়োগ নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। অন্যদিকে মূল্যস্ফীতি সামনে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, গবেষণায় দেখা যায় যে সরকারের অধিক ঋণ নেওয়ার প্রবণতার কারণে আগামী অর্থবছরগুলোতে সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য বাড়তে পারে। অর্থনীতির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৪-১৫ অর্থবছরে জাতীয় সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ মোট জিডিপির ৩০ দশমিক ৫৮ ও ২৫ দশমিক ৪৫ শতাংশ হতে পারে। এতে সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য গিয়ে দাঁড়াবে ৫ দশমিক ১৩ শতাংশ, যা ২০১০-১১ অর্থবছরে ছিল ৩ দশমিক ৭ শতাংশ। উন্নয়ন অন্বেষণ বলেছে, ঘাটতি অর্থায়ন, অর্থ সরবরাহ ও মূল্যস্ফীতি সমমুখী সম্পর্কে সম্পৃক্ত। অভ্যন্তরীণ অর্থায়নে সরকার অনেক সময় টাকা ছাপার মাধ্যমে করছে, যা সরাসরি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে, ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়ায় বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। ফলে প্রকৃত উৎ পাদন সম্ভাব্য উৎ পাদনের চেয়ে কমে যাচ্ছে, যা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিচ্ছে।