ব্যাংক থেকে সরকারের ঋণ আরও বাড়লে মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নামিয়ে আনা যাবে না বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম। তিনি বলেন, মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির প্রাক্কলন করে সরকার ও বেসরকারি খাতে যে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা যেন আর না বাড়ে সেদিকে নজর রাখতে হবে।বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজিত সদ্য বিদায়ী ও নবনিযুক্ত ডেপুটি গভর্নরদের সংবর্ধনা এবং বিআইবিএম দিবস অনুষ্ঠানে গতকাল শনিবার সাবেক গভর্নর এসব কথা বলেন।খোরশেদ আলম বলেন, সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিদেশি ঋণ আসছে না। আগামী সময়ও যদি বিদেশি ঋণ না আসে, তাহলে সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়বে। তিনি বলেন, এ পরিস্থিতিতে রাজস্ব বোর্ড যতই রাজস্ব আদায় বৃদ্ধি করুক না কেন, তাতে কাজ হবে না।সাবেক গভর্নর বলেন, এ অবস্থায় সরকারকে ব্যাংক থেকে আরও ঋণ দেওয়া হলে মূল্যস্ফীতিকে এক অঙ্কে নামানো যাবে না। তিনি বলেন যে সরকারকে ফিরিয়ে দেওয়ার মতো সাহস বাংলাদেশ ব্যাংককে রাখতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, কেন্দ্রীয় ব্যাংক এটা করছে। তার পরও বললাম, বাংলাদেশ ব্যাংকের প্রতি এটা আমার পরামর্শ নয়, বাস্তব অভিজ্ঞতা।’খোরশেদ আলম মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম ব্যাংকিং থেকে আলাদা। তাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে গভর্নর বানানো হলে সেটি ভালো হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তবে সেটি কখনো করা হয় না। এটি করলে তাঁদের প্রতি সম্মান দেখানো হতো বলে তিনি মত দেন।অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেন, ব্যাংক খাতের জন্য শুধু বিধিবিধান-নিয়মনীতিই যথেষ্ট নয়। এ খাতে তদারকি-নজরদারি বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে সে লক্ষ্যে কাজ করছে। সুপারভিশন বাড়ানোর লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আতিউর রহমান বিদায়ী তিন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খানের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন।সদ্য বিদায়ী ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, ব্যাংক খাতে সুপারভিশন ও রেগুলেশন বাড়াতে হবে। বৈশ্বিক মন্দা-পরবর্তী গত দুই বছর ব্যাংকব্যবস্থায় সংকট ছিল। ২০১২ সালে সুপারভিশন জোরদার করতে হবে। এ ছাড়া তাঁদের নিয়ে এ ধরনের সংবর্ধনার আয়োজন করায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবনিযুক্ত ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান। এ সময় সদ্য বিদায়ী অন্য অপর দুই ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, নবনিযুক্ত ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, এবিবির চেয়ারম্যান নুরুল আমিন, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন।