সরকারের কাছে ১৯০ কোটি টাকা চায় এফবিসিসিআই

নিজেদের সংগঠনের সক্ষমতা উন্নয়নে পকেটের পয়সা খরচ করতে রাজি নন ব্যবসায়ীরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) তার সদস্য সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়ন ও নিজের কার্যালয়ের ভবন তৈরির জন্য সরকারের কাছে ১৯০ কোটি টাকা চেয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের প্রায় ১০৯টি চেম্বার ও ৩৭২টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের ফেডারেশন। এসব সংগঠনের চাঁদা ও নিজস্ব আয় দিয়েই এফবিসিসিআইয়ের চলার কথা। কিন্তু সদস্য সংগঠনগুলোর কাছ থেকে নগণ্য পরিমাণ চাঁদা নেয় এফবিসিসিআই। বরং প্রতিবছরই সরকারের কাছ থেকে টাকা আদায় করে তাদের দিচ্ছেন এফবিসিসিআইয়ের নেতারা। তবে এবার চাওয়া হয়েছে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ।
এ টাকা দিয়ে সংগঠনগুলোকে কম্পিউটার, আসবাব, অফিস সরঞ্জাম ও কোনো কোনো ক্ষেত্রে কার্যালয়ের জন্য ভবনের জায়গা কিনে দেওয়ার চিন্তা চলছে। কোন সংগঠনকে কত টাকা দেওয়া হবে, তার হিসাব কষছে এফবিসিসিআই।
এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোর অনেকেরই নিজস্ব কোনো কার্যালয় নেই। খাত সম্পর্কে কোনো গবেষণা নেই। একই খাতে বিভিন্ন নামে একাধিক সংগঠন আছে। অভিযোগ আছে, এরা মূলত এফবিসিসিআইয়ের ভোটের ক্ষেত্রে পকেট সংগঠন হিসেবে কাজ করে। তারা নিজেদের পকেটের অর্থ খরচে রাজি নয়, বরং সুযোগ-সুবিধা পেতে এফবিসিসিআইয়ের দিকে তাকিয়ে থাকে। ভোটের রাজনীতির স্বার্থে এফবিসিসিআইয়ের নেতারাও সরকারের কাছ থেকে টাকা এনে দিতে তৎপর থাকেন।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ১৯০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি টাকা এফবিসিসিআইয়ের ভবন নির্মাণে এবং ১৫০ কোটি টাকা চেম্বার–অ্যাসোসিয়েশনের সক্ষমতা উন্নয়নে ব্যয় হবে।
ব্যবসায়ীদের নিজেদের অনেক টাকা থাকতে কেন সরকারকে তাঁদের সক্ষমতা উন্নয়নে টাকা দিতে হবে—জানতে চাইলে মাতলুব আহমাদ বলেন, কেউ তো নিজের পকেটের টাকা সংগঠনকে দিতে চান না।
এফবিসিসিআইয়ের ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, সদস্য ৪৮১টি সংগঠনের কাছ এফবিসিসিআই মাত্র ১ কোটি ৩৪ লাখ টাকা চাঁদা পেয়েছে। তবে ওই বছর সংগঠনটির মোট প্রাপ্তি প্রায় ১৫৩ কোটি ১৩ লাখ টাকা। সদস্যদের কাছ থেকে চাঁদা বাবদ তার আয় মোট প্রাপ্তির মাত্র শূন্য দশমিক ৮৮ শতাংশ।
সদস্য ১০টি চেম্বার ও ১০টি অ্যাসোসিয়েশন এফবিসিসিআইতে মনোনীত পরিচালকের পদ পায়। এসব সংগঠনকে বছরে ৭৫ হাজার টাকা করে চাঁদা দিতে হয়। এ ছাড়া ‘এ’ শ্রেণির চেম্বারকে ৩৫ হাজার টাকা, ‘বি’ শ্রেণির চেম্বারকে ২৫ হাজার টাকা, ‘এ’ শ্রেণির অ্যাসোসিয়েশনকে ২৫ হাজার টাকা ও ‘বি’ শ্রেণির অ্যাসোসিয়েশনকে ১৮ হাজার টাকা চাঁদা দিতে হয়।
১৫০ কোটি টাকা ৪৮১টি সংগঠনকে ভাগ করে দেওয়া হলে প্রতি সংগঠন গড়ে ৩১ লাখ ১৯ হাজার টাকা করে পাবে, যা একটি ‘এ’ শ্রেণির অ্যাসোসিয়েশনের ১২৫ বছরের চাঁদার সমান। অতএব দেখা যাচ্ছে, কোনোরকমে একটি সংগঠন খুলে এফবিসিসিআইয়ের সদস্য হতে পারলে খরচের বদলে লাভ বেশি। এ কারণে প্রতিবছর এফবিসিসিআইয়ের সদস্যসংখ্যা বাড়ছে।
২০১৩ সালের নির্বাচনের আগে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশনের সংখ্যা ছিল ৩২২টি। ২০১৫ সালের নির্বাচনের আগে তা বেড়ে হয়েছে ৩৫৭টি। একটি খাতে একাধিক সংগঠনের বহু নজির এফবিসিসিআইয়ের সদস্য তালিকায় আছে। যেমন চালকলের মালিকেরা তিনটি সংগঠন খুলে এফবিসিসিআইয়ের ভোটার হয়েছেন। এগুলো হলো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন, অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সংগঠনের সক্ষমতা বাড়াতে পারলে সরকারের সুবিধা। কারণ, এসব সংগঠনই ভবিষ্যতে রাজস্ব আদায় করে দেবে।
দেশের সবচেয়ে সম্পদশালী গোষ্ঠীর সংগঠনের সক্ষমতা উন্নয়নে সরকারের কাছে হাত পাতা কতটুকু নৈতিক—এ প্রশ্নের জবাবে মো. জসিম উদ্দিন বলেন, সব সময় চাঁদা দিয়ে চলা যায় না।