সরকারের কাছে ২১টি সুবিধা চাইলেন রপ্তানিকারকেরা
চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি ২১টি সুবিধা চেয়েছেন রপ্তানিকারকেরা। সুবিধাগুলো ব্যাংক, বিমা, বন্দর, কর ও বিশেষ সহায়তাসংক্রান্ত।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে পোশাক, বস্ত্র ও রপ্তানিমুখী বিভিন্ন খাতের ব্যবসায়ীরা তাঁদের অসুবিধা ও ক্ষতির চিত্র তুলে ধরেন। বৈঠকে নেতৃত্ব দেন তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম। অর্থমন্ত্রীর কাছে চার পৃষ্ঠার একটি চিঠি দেন তিনি।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। এর বাইরে কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
আতিকুল ইসলাম বলেন, সব রপ্তানিকারকের অবস্থাই নাজুক। আর রাজনৈতিক পরিস্থিতির কারণে ভাবমূর্তির ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। রপ্তানি আদেশ বাতিল হয়ে যাচ্ছে। ক্রেতারা সুযোগ নিয়ে পণ্যমূল্যও কম দিচ্ছেন।
অর্থমন্ত্রীর উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘আপনি পিতৃতুল্য। অতীতে অনেক সহযোগিতা দিয়েছেন। আপনি ছাড়া কোথায় যাব আমরা? আপনি আমাদের রেহাই দিন।’
কাজী আকরাম উদ্দিন রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, ‘আপনারা অন্যদের জন্যও কিছু বলুন। নইলে এফবিসিসিআইয়ে আমাকে কৈফিয়ত দিতে হয়। তাঁরা বলেন, বড় সাহেবেরা সব নিয়ে যান, আমরা কিছু পাই না।’
সৈয়দ নাসিম মঞ্জুর অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করে দেব। আপনি আমাদের বেঁচে থাকার সুযোগ দিন।’
সবার বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী বলেন, সমস্যা সবারই হয়েছে, এবারেরটি একবারে অপ্রত্যাশিত। তবে ব্যবসায়ীদের ওপর প্রভাব ততটা পড়েনি।
অস্বাভাবিক অবস্থা চলার কথা উল্লেখ করে তিনি এ-ও বলেন, ‘আমি বলছি না যে, জীবনপ্রবাহ বন্ধ হয়ে গেছে। বড় বিষয় হচ্ছে ভীতি। এটা মারাত্মক।’
চিন্তিত রয়েছেন জানিয়ে মুহিত বলেন, ‘এর একটা শেষ থাকতে হবে। কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা জাতীয় সমস্যা। আবার জাতীয় সমস্যা বলতেও ভয় করি।’ অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘আমি বসব আপনাদের সঙ্গে। ব্যবস্থা কিছু একটা নেব। কাল বা পরশু নেব, তবে নেব।’
আর্থিক ও ব্যাংকসংক্রান্ত সুবিধা: রপ্তানিকারকদের দাবি অস্থিরতার সময়কালে নতুন করে আর ঋণখেলাপি চিহ্নিত না করা। ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের পরিবর্তে ছয় মাসে ঋণ শ্রেণিবিন্যাস করা ও সুদের হার এক অঙ্কে পরিশোধের সুযোগ; পোশাক, বস্ত্র ও অন্য সব রপ্তানিকারকদের ঋণ পুনঃ তফসিল করার সুযোগ; পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুনঃ তফসিল করা ঋণের কিস্তি পরিশোধ স্থগিত; স্বল্পমেয়াদি ও ফোর্সড ঋণের ক্ষেত্রে ২৪ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ; পাঁচ বছরের প্রকল্প বা মেয়াদি ঋণ আট বছরে পরিশোধের সুযোগ; গত জানুয়ারিতে ৫০০ কোটি ও তার চেয়ে বেশি ঋণ পুনঃ তফসিল করার জন্য দেওয়া সুযোগ সব রপ্তানিকারকের দেওয়া এবং নগদ সহায়তার অর্থ দ্রুততম সময়ের মধ্যে ছাড় করা।
বিমা ও বন্দরসংক্রান্ত সুবিধা: বিমা প্রিমিয়ামের হার ৩৫ শতাংশ কমানোর দাবি জানানো হয় বৈঠকে। এ ছাড়া কারখানা থেকে বন্দরের দিকে যাওয়ার সময় অভ্যন্তরীণ লরি ঝুঁকি বিমার হার শূন্য দশমিক ২ শতাংশে নামিয়ে আনা, লরি ঝুঁকি বিমার প্রিমিয়াম ছয় মাস পর্যন্ত বাকিতে পরিশোধের সুযোগ, হরতাল-অবরোধে সংগঠিত সহিংসতার কারণে বন্দর থেকে আমদানি পণ্য কারখানা পর্যন্ত এবং কারখানা থেকে রপ্তানি পণ্য বন্দরে জাহাজীকরণের আগ পর্যন্ত অতিরিক্ত ঝুঁকিকে প্রচলিত বিমার প্রিমিয়ামের আওতায় বিবেচনা এবং ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ট্রাক-কাভার্ড ভ্যান মালিকদের দ্রুততম সময়ে ঘোষিত ক্ষতিপূরণ ও বিমা কাভারেজ দেওয়া।
বিশেষ নীতি-সহায়তা: অস্থিতিশীল পরিস্থিতি থেকে সুরক্ষার জন্য স্বল্পমেয়াদি কিছু নীতি-সহায়তাও চেয়েছেন রপ্তানিকারকেরা। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য ৩ শতাংশ বিশেষ নগদ সহায়তা।