সরকারের কারণেই সুদহার কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের সুদের হার এক অঙ্কে নেমে না আসার পেছনে সরকারই দায়ী। সরকারের বিপুল অঙ্কের তহবিল বিভিন্ন ব্যাংকে জমা রাখা হচ্ছে উচ্চ সুদে। কোন ব্যাংক কত বেশি হারে সরকারকে সুদ দেবে, ব্যাংকগুলোর মধ্যে রীতিমতো তা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য বৈঠক করে এসব কথা তুলে ধরে।ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সরকার কম সুদে অর্থ জমা রাখলে ব্যাংকগুলো কম সুদে ব্যবসায়ীদের ঋণ দিতে পারত। আর এভাবে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা বেশি সুদে অর্থ জমা রাখার বিষয়টি স্বীকার করছেন বলে অর্থমন্ত্রীকে জানান সবুর খান।এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ঢাকা চেম্বারের এই প্রস্তাব খুবই ভাল লেগেছে। ব্যাংকে বিপুল অঙ্কের তহবিল জমা রাখে সরকার। সরকারই যদি এ রকম করে, তাহলে তো মুশকিল।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু পলিসি আছে। বোঝা যাচ্ছে, পুরোপুরি তা কার্যকর হচ্ছে না। ভবিষ্যতে ঢাকা চেম্বারের প্রস্তাবটি বিবেচনা করতে হবে।’ আমানত ও ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান ৫ শতাংশীয় মাত্রার (পয়েন্ট) বেশি না থাকার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।ঢাকা চেম্বারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার নিয়ে গঠিত হয়েছে আঞ্চলিক সহযোগিতা ফোরাম বিসিআইএম। ভৌগোলিকভাবে বাংলাদেশ মধ্যম স্থানে অবস্থিত হওয়ায় সুবিধাটা কাজে লাগানো যায়। বিসিআইএমভুক্ত ২৭০ কোটি মানুষের বাজারে প্রভাব ফেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।সাম্প্রতিক সময়ে শতাধিক বিদেশি বিনিয়োগকারী আসার কথা থাকলেও এসেছেন মাত্র আটজন। এ কথা উল্লেখ করে কারণ হিসেবে রাজনৈতিক সহিংসতাকে দায়ী করেন সবুর খান। তিনি বলেন, ‘ধর্মীয় পবিত্র স্থানে হামলা হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ব্যাংক, বিমা, গাড়ির শোরুম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো এমনভাবে দেখাচ্ছে যে এসব ঘটনা ভাবিয়ে তুলেছে আমাদের।’এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অশুভ তৎপরতা চলছে। আর একে কেন্দ্র করে দুনিয়াজুড়ে চলছে প্রচার-প্রপাগান্ডা। যতটা প্রচার হচ্ছে, ঘটনা ততটা নয়। ১৫ জেলায় সহিংসতা, ছয় জেলায় বেশি।’তবে, এসব নৈরাজ্যকর পরিস্থিতি যারা তৈরি করছে, তাদের ‘বাংলাদেশবিরোধী’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘এদের এহেন কর্মকাণ্ডকে দেশদ্রোহিতা বলব না, বলব দেশ-শত্রুতা। এদের শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি সরকার যে শুধু একা দিতে পারবে তা নয়, অন্যদেরও এ ব্যাপারে সাহায্য করতে হবে।’ঢাকা চেম্বারের পক্ষ থেকে ভেনচার ক্যাপিটাল কোম্পানি গঠন, করের আওতা বাড়ানো, স্থানীয় ঋণপত্রের (এলসি) ওপর থেকে কর প্রত্যাহার, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীকে বিশেষ সনদ দেওয়া এবং তালিকাভুক্ত কোম্পানির ওপর থেকে করের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়।অর্থমন্ত্রী বলেন, নতুন কর্মসংস্থান তৈরিতে ভেনচার ক্যাপিটাল খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক হলো, আমাদের দেশে তা নেই। বাণিজ্যিক ব্যাংকের তহবিল বিনিয়োগে যায়, যা ঝুঁকিপূর্ণ। ছোট আকারে হলেও কিছু কিছু ভেনচার ক্যাপিটাল হওয়া দরকার বলে তিনি মনে করেন।