
দেশে একটা ব্যাংক কমিশন গঠনের কথা আবারও বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবশ্য এবার অর্থমন্ত্রী জানালেন, এটা তিনি করবেন বর্তমান সরকারের মেয়াদের শেষ দিকে এবং পরবর্তী সরকারের জন্য তা রেখে যাবেন।
রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে গতকাল রোববার সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুলের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উবায়দুল্লাহ আল মাসুদ।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ব্যাংক খাতে হয়তো দুর্বলতা আছে। একটা ব্যাংক কমিশন করার কথা অনেকেই বলছেন। এত দিন করা হয়নি। স্বাভাবিকভাবেই (ন্যাচারালিটির দিক থেকে) একটা ব্যাংক কমিশন করার দরকার আছে।’
অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তব্যে প্রথম ব্যাংক খাতের কার্যক্রম মূল্যায়নে একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন। তখন বলেছিলেন, ‘ব্যাংক খাতের উল্লেখযোগ্য প্রসার হয়েছে। ব্যাংক খাতের প্রচলিত কার্যক্রম এবং এ খাতের সার্বিক অবস্থান মূল্যায়ন ও বিবেচনা করার জন্য একটা ব্যাংক কমিশন গঠনের চিন্তা-ভাবনা আমাদের রয়েছে।’
অবশ্য তারও আগে থেকেই বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ কমিশন গঠন করার পরামর্শ দিয়ে আসছিল।
পরে ২০১৬ সালের ১৩ জানুয়ারি অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ব্যাংক খাতকে অধিকতর নজরদারির মধ্যে আনতে অর্থ মন্ত্রণালয় কমিশন গঠনের কাজ শুরু করেছে।
একই বছরের ৩ এপ্রিল সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেছিলেন, ব্যাংক খাতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এখন ব্যাংক কমিশন করার ইচ্ছা নেই।
এরপর গতকালই কমিশন গঠন নিয়ে কথা বললেন অর্থমন্ত্রী।
সম্মেলনে সোনালী ব্যাংক সম্পর্কে অর্থমন্ত্রী মুহিত বলেন, এটা সরকারি খাতের বড় ব্যাংক। কিছুদিন আগেও এটা দেশেরই বড় ব্যাংক ছিল। ব্যাংকটি অবশ্য আগের অবস্থানে ফিরে যাবে বলে আশাবাদী তিনি।
তবে পরের বাক্যেই অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ২৫ শতাংশ, লোকসানি শাখাও মোট শাখার ২৫ শতাংশ। এসব সূচক অবশ্য কোনো আশার সঞ্চার করে না।
তবু হতাশ নন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তারপরও আশা রাখতে হবে। আগামী দুই বছরের জন্য ব্যাংকটিকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই চ্যালেঞ্জ নিতে হবে তাদের। এটা অসম্ভব নয়। কারণ, ব্যাংকটার মস্ত বড় মূলধন হচ্ছে, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি।’
কিছু ক্ষেত্রে সরকারের হুকুমে সোনালী ব্যাংককে ঋণ দিতে হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক কিছু লক্ষ্য (সোশ্যাল অবজেক্টিভস) আছে, যা ব্যাংকটিকে দেখতে হয়। এগুলো গ্রহণ করেই ব্যাংকটিকে উন্নতি করতে হবে। সোনালী ব্যাংক একটা আদর্শ ব্যাংক হবে, এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই।’
দেশে অনেক ব্যাংক হয়ে গেছে বলে যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে মুহিত বলেন, ‘দেশে এখন বিভিন্ন ব্যাংকের ৯ হাজার ৫৭২টি শাখা রয়েছে। ব্যাংক সেবাকে আমরা জনগণের কাতারে নিয়ে এসেছি। এটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, ‘যেখানেই যাই, ব্যাংক খাত সম্পর্কে ইতিবাচক কিছু পাই না। নেতিবাচক মন্তব্য মোকাবিলা করতে হয়। তবে ব্যাংক খাতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে।’
আবদুল মান্নান উদাহরণ দিয়ে বলেন, ‘মা যেমন কাজ করার সময় বারান্দার দিকেও খেয়াল রাখেন, শিশুটি যাতে বারান্দা থেকে পড়ে না যায়, সরকারকেও ব্যাংক খাতের দিকে দূর থেকে নজর রাখতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, খেলাপি ঋণ আদায়ে যেমন সোনালী ব্যাংককে তৎপর থাকতে হবে, তেমনি ব্যবসাও করতে হবে। সে জন্য হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।’
২০১২ সালের পর থেকে ব্যাংক খাতে যে ভীতি ঢুকে গেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন ফজলে কবির। তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ঋণ বিতরণ করলে ভয়ের কিছু নেই। তবে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্পে (এসএমই) বেশি ঋণ দিতে হবে।’