সরকারের দায় বাড়াচ্ছে সঞ্চয়পত্রের বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের বেশি বিক্রি নিয়ে সরকার উভয়সংকটে রয়েছে। গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই জানিয়েছেন যে সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে বেশি। এ জন্য স্বস্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেছেন, এবার ব্যাংকঋণ বেশি নিতে হবে না। অস্বস্তির দিকটি অবশ্য মন খুলে প্রকাশ করেননি অর্থমন্ত্রী।
বর্তমানে ব্যাংকঋণের সুদের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় কম। তাই সঞ্চয়পত্র বিক্রি বেশি হওয়ায় সরকারের আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপও পড়বে বেশি। অস্বস্তির দিকটি সেটাই। ব্যাংকঋণ নিলে সরকারকে যে পরিমাণ সুদ দিতে হতো, সঞ্চয়পত্রের মুনাফা বাবদ অর্থ পরিশোধ করতে হবে তার চেয়েও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি সঞ্চয়পত্র বিক্রি, সরকারের দায়ও তত বেশি। কারণ, অর্থ সংগ্রহের জন্য যেকোনো উৎসের চেয়ে এটাই হচ্ছে ব্যয়বহুল উৎস। রাজস্ব সমন্বয় কাউন্সিলের বৈঠক শেষে গত সোমবার অর্থমন্ত্রীও স্বীকার করে বলেন, ‘সঞ্চয়পত্র বিক্রি বেশি হলে সরকারের খরচও গুনতে হয় বেশি।’
চলতি অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার মোট বাজেটের মধ্যে বৈদেশিক ঋণ, ব্যাংক-ব্যবস্থা থেকে ঋণ ও সঞ্চয়পত্র বিক্রি থেকে অর্থ সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা। এর মধ্যে শুধু সঞ্চয়পত্র বিক্রি থেকে পুরো অর্থবছরের সংগ্রহের লক্ষ্য ১৯ হাজার ৬১০ কোটি টাকা।
সঞ্চয়পত্র বিক্রি থেকে গত অর্থবছরের সংগ্রহের লক্ষ্য ছিল ১৫ হাজার কোটি টাকা। বছর শেষে তা ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকায় গিয়ে পৌঁছায়। তার আগের ২০১৪-১৫ অর্থবছরেও বিক্রি হয় ২৮ হাজার ৭০৫ কোটি টাকার সঞ্চয়পত্র।
জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই (জুলাই-সেপ্টেম্বর) ১১ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৬ হাজার ৭০০ কোটি টাকার সঞ্চয়পত্র। আবার আগের অর্থবছরে সঞ্চয়পত্রের সুদ ও আসল পরিশোধে ২০ হাজার কোটি টাকার মতো ব্যয় হয়েছে সরকারের।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট দুই মাসে সরকার ব্যাংকঋণ নিয়েছে ৬ হাজার ৫৭৮ কোটি টাকা। আগের দুই অর্থবছরেও শুরুর দিকে ব্যাংকঋণ কম থাকলেও শেষ দিকে তা বেড়ে যায়।
জানতে চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা অনুমান করছি চলতি অর্থবছরে সঞ্চয়পত্রের বিক্রি ৪০ হাজার কোটি টাকা হয়ে যাবে।’
ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআরের সুদ এখন ৬ থেকে ৭ শতাংশ। ঝুঁকিপূর্ণ বিবেচনায় হিসাবি বিনিয়োগকারীরা শেয়ারবাজারমুখী হতে চান না। সঞ্চয়পত্রের মুনাফা তুলনামূলক সন্তোষজনক এবং তা কিনতে চাইলে সরকার কাউকে বাধাও দিতে পারে না।
গত ১০ নভেম্বর সচিবালয়ে ট্যাক্স গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রীর কাছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিরা সঞ্চয়পত্রের মুনাফা সবার জন্য সমান না রাখার পরামর্শ দেন। তাঁরা মনে করেন, পুরো অর্থনীতিতে চাপ না ফেলে সমাজের জ্যেষ্ঠ নাগরিকদের জন্যই শুধু সঞ্চয়পত্রের বর্তমান হার রাখা যেতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব অবশ্য গত রাতে প্রথম আলোকে বলেন, বিনিয়োগের ভালো কোনো খাত না পেয়েই তিনি সঞ্চয়পত্রকে বেছে নিয়েছেন। সমন্বয়ের নাম করে মুনাফার হার কমালে তা অন্যায় হবে।
প্রচলিত সঞ্চয়পত্রগুলো হচ্ছে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং তিন বছর মেয়াদি ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র।
পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। তবে সবাই এ সঞ্চয়পত্র কিনতে পারেন না। ১৮ বছর বা তার বেশি বয়সের যেকোনো নারী, শারীরিক প্রতিবন্ধী যেকোনো বয়সী নারী-পুরুষ এবং ৬৫ বা তার বেশি বয়সী নারী-পুরুষের কাছে এ সঞ্চয়পত্র বিক্রি করা হয়।
পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৭৬ শতাংশ। অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী ও সন্তানেরা এ সঞ্চয়পত্র কিনতে পারেন।
বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। এ সঞ্চয়পত্র কিনতে কোনো শ্রেণি-পেশার বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যেকোনো নাগরিকই কিনতে পারেন। ব্যক্তির ক্ষেত্রে সীমা থাকলেও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই। মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। এটিও সবাই কিনতে পারেন।
মুনাফার হার কমানো হবে কি না জানতে চাইলে সঞ্চয় অধিদপ্তরের ডিজি বাবলু কুমার সাহা বলেন, ‘আমি কোনো মন্তব্য করব না। কারণ, এটি একটি উচ্চ সংবেদনশীল বিষয়। এ ব্যাপারে সিদ্ধান্তও আসবে তাই উচ্চ পর্যায় থেকেই।’