সরকারের পদক্ষেপকে স্বাগত ডিএসই প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী। আজ মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।ডিএসই প্রেসিডেন্ট বলেন, অব্যাহত দরপতনে সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা বাজারের জন্য খুবই ইতিবাচক। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়ে শাকিল রিজভী বলেন, বিনিয়োগের এখনই সময়, কেননা এ মুহূর্তে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম নিচে নেমে এসেছে। তাই এখন শেয়ার কিনলে ক্ষতির আশঙ্কা কম। এ ছাড়া বর্তমানে বাজারের পিই রেশিও অনেকটা সহায়ক। তিনি বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন করে বাজারে প্রবেশেরও আহ্বান জানান।শাকিল রিজভী আরও জানান, অব্যাহত দরপতনে ভালো মৌল ভিত্তির শেয়ারের দাম কমার পেছনে কোনো কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রসঙ্গত, সরকার রাষ্ট্রায়ত্ত পাঁচ প্রতিষ্ঠানকে শেয়ার কেনার জন্য তহবিল দেবে। এরই মধ্যে আইসিবিকে সরকার ২০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।