সরকারের পরিষ্কার অবস্থান জানতে চায় অ্যালায়েন্স
কর্মপরিবেশ উন্নয়নে তৈরি পোশাক কারখানা পরিদর্শনের বিষয়ে বাংলাদেশ সরকারের পরিষ্কার অবস্থান জানতে চেয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। অ্যালায়েন্সের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যালেন টশার এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন।
সচিবালয়ে এক বৈঠকে ১৫ জুন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম অ্যাকর্ড ও অ্যালায়েন্স কারখানা পরিদর্শনের নামে বাড়াবাড়ি করছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে নালিশ করেন। এটি আমলে নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সাহায্য করতে তাদের স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তারা গলার ফাঁস হয়ে গেছে। তারা বাড়াবাড়ি করছে এবং এটা একধরনের দুঃসংবাদ।’ তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ডের অর্থ হচ্ছে, বাংলাদেশ খুব বেড়ে গেছে, এবার থামাতে হবে।’
মুহিতের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড কোনো প্রতিক্রিয়া না দেখালেও অ্যালায়েন্সের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে তারিখ উল্লেখ আছে ১৯ জুন। প্রথম আলোর কাছে গতকাল মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অ্যালায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন।
বিবৃতির শুরুতেই অ্যালেন টশার বলেছেন, ‘তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নতির জন্য নেওয়া উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একজন সদস্যের সমালোচনায় আমরা ধাক্কা খেয়েছি। যদিও বাংলাদেশের অগ্রসরমাণ অর্থনীতিতে এই খাতটির অবদানই সবচেয়ে বেশি, যেখানে কাজ করেন ৪০ লাখ নারী-পুরুষ।’ তিনি বলেছেন, ‘আমি আশা করব, বাংলাদেশ সরকার তাদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত ও অর্থনীতি স্থিতিশীল করতে অ্যালায়েন্স ও অন্যান্য উদ্যোগের কার্যক্রমকে দ্ব্যর্থহীনভাবে সহযোগিতা করবে।’
অর্থমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তার নেতিবাচক বক্তব্য কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি মারাত্মক প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন অ্যালেন টশার। এ ছাড়া বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অনেক কাজ হয়েছে এবং বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তাঁর সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিক মারা যান। এর আড়াই মাস পর ১০ জুলাই কারখানা কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটে ২৬ ব্র্যান্ড চুক্তিবদ্ধ আছে। গতকাল পর্যন্ত ৭৮৭টি পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে অ্যালায়েন্স।
বিবৃতিতে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও কারখানার উন্নয়নে অ্যালায়েন্স পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ইতিমধ্যে শতভাগ কারখানা পরিদর্শন শেষ। কারখানাগুলো বর্তমানে সংস্কার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জন কঠিন, আর সময় মাত্র পাঁচ বছর। টেকসই উন্নতির জন্য সরকারের উচিত ২০১৮ সাল পর্যন্ত অ্যালায়েন্স ও অন্য উদ্যোগগুলোকে সহায়তা ও প্রচেষ্টা অব্যাহত রাখা।