দেশের পাঁচটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৬৩২ কোটি টাকা।
পাঁচটি প্রতিষ্ঠানের মালিকই রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বিশাল অঙ্কের এই পাওনা টাকা আদৌ আদায় হবে কি না, তা নিয়ে শঙ্কা
রয়েছে। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বলছে, বকেয়া আদায়ে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে।
আইজিডব্লিউ অপারেটররা হলো—ভিশন টেল লিমিটেড, বেস্টেক টেলিকম লিমিটেড, টেলেক্স লিমিটেড, রাতুল টেলিকম এবং কে কমিউনিকেশনস। এর মধ্যে ভিশন টেলের ১৯১ কোটি ৬৩ লাখ টাকা, বেস্টেক টেলিকমের ১৩০ কোটি ১৪ লাখ, টেলেক্স লিমিটেডের ১০৪ কোটি ৭৪ লাখ, রাতুল টেলিকমের ১০২ কোটি ২৩ লাখ, কে টেলিকমিউনিকেশনসের কাছে ১০৩ কোটি ১০ লাখ টাকা বকেয়া আছে।
লাইসেন্স ফি, রাজস্ব, মূল্য সংযোজন কর (মূসক) ও বিলম্ব বকেয়া মিলিয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে এই টাকা পাবে সরকার। বকেয়া পরিশোধ না করায় বেস্টেক টেলিকম ছাড়া বাকি চার অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি। বকেয়া আদায়ের বিষয়টি নিয়ে বিটিআরসির ১৮৫তম কমিশন বৈঠকে আলোচনাও হয়েছে বলে জানা গেছে।
বিদেশ থেকে বাংলাদেশে ইনকামিং ও আউটগোয়িং কল আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে আইজিডব্লিউ অপারেটররা। এ জন্য তাদের রাজস্ব হিসেবে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ সরকারকে দিতে হয়। বর্তমানে দেশে আইজিডব্লিউ অপারেটরের সংখ্যা ২৯, যার মধ্যে ২৩টি কার্যক্রম পরিচালনা করছে।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘বকেয়া আদায়ের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে কমিশন।’
কোন প্রতিষ্ঠান কত দেনা
ভিশন টেল লিমিটেড ১৯১.৬৩ কোটি টাকা
বেস্টেক টেলিকম ১৩০.১৪ কোটি টাকা
টেলেক্স লিমিটেড ১০৪.৭৪ কোটি টাকা
রাতুল টেলিকম ১০২.২৩ কোটি টাকা
কে টেলিকমিউনিকেশনস ১০৩.১০ কোটি টাকা
সূত্র: বিটিআরসি