সাক্ষাৎকার
সরকারের প্রণোদনা থেকে আমরা কিছুই পেলাম না
করোনাকালে ব্যবসা-বাণিজ্য কেমন চলছে, সাক্ষাৎকারের বিষয়বস্তু ছিল এটাই। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ গার্মেন্টস একসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমই) সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান। সাক্ষাৎকার নিয়েছেন আরিফুর রহমান।
প্র বাণিজ্য: করোনাভাইরাস সংক্রমণের পর ব্যবসার অবস্থা কেমন ছিল?
মোহাম্মদ আবদুল কাদের খান: দেশে যখন করোনা সংক্রমণ শুরু হলো, আমরা ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়ি। যেহেতু আমাদের কাঁচামাল আমদানির প্রধান বাজার চীন, আবার সেখানেই করোনাভাইরাসের উৎপত্তি, তখন আমরা দেশটির বিকল্প বাজার খুঁজতে থাকি। আমাদের বিকল্প বাজার খোঁজার মধ্যেই সরকার ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে দিল। তখন আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে গেল। ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ বা অর্ডার বাতিল হতে থাকল। অনেক ক্রেতা ক্রয়াদেশ স্থগিত করে দিল। তখন আমরা ব্যবসায়ীরা অন্ধকার দেখতে শুরু করি। যদিও দুই মাস পর সরকার সাধারণ ছুটি বাতিল করে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করল। আমরাও কারখানা চালু করলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
প্র বাণিজ্য: সরকার যেসব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেখান থেকে কতটুকু লাভবান হয়েছেন?
কাদের খান: সরকার কয়েক ধাপে এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। আমরা খুব খুশি হলাম এই কারণে যে সেখান থেকে আমরাও ঋণ পাব। আমরা সরকারের কাছে ৩০০ থেকে ৪০০ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা দিলাম। আমরা মনে করেছিলাম, আমরা প্রণোদনার অংশ পাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা সময়ে গিয়ে জানতে পারলাম, শ্রমিকদের বেতন-ভাতা বাবদ পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ শুধু শতভাগ রপ্তানিকারকদের জন্য। যেহেতু আমরা শতভাগ রপ্তানিমুখী ব্যবসা করি না, পরোক্ষ রপ্তানি করি, সে কারণে আমরা প্রণোদনা থেকে সহযোগিতা পেলাম না। পরবর্তী সময়ে আরও দুটি প্রণোদনা ঘোষণা করা হলো। কিন্তু সেখানে শর্ত ছিল ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ওপর ভিত্তি করে প্রণোদনার টাকার বিতরণ করা হবে। এই শর্তও আমাদের হতাশ করল। আমাদের ৩০ জন ব্যবসায়ী আবেদন করলেও ঋণ পেয়েছেন মাত্র দুজন।
প্র বাণিজ্য: করোনা সংক্রমণের পর এক বছর পার হলো। ব্যবসার অবস্থা এখন কেমন?
কাদের খান: করোনার অবস্থার উন্নতি হওয়ার পর থেকে আমরা আবার ক্রয়াদেশ বা অর্ডার পেতে শুরু করি। গত বছর যে ১৫ বিলিয়ন ডলার পণ্যের রপ্তানি হয়েছে, এই সময়ে আমাদের একসেসরিজ পণ্য আমদানি করতে হয়নি। এখন সারা বিশ্বে দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়েছে। এতে আবার অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি চালিয়ে নেওয়ার জন্য। কতটুকু পারব জানি না।
প্র বাণিজ্য: করোনার মতো দুর্যোগ থেকে কী ধরনের অভিজ্ঞতা নিয়েছেন?
কাদের খান: পোশাক খাতে যাঁরা ছোট ব্যবসায়ী, তাঁরা বেশি সমস্যায় পড়েছেন। তাঁরা রুগ্ণ হয়ে পড়েছেন। আমাদের খাতে যতগুলো কারখানা গড়ে উঠেছে, এর বেশি আর অনুমোদন দেওয়া ঠিক হবে না। যা হয়েছে যথেষ্ট। কারণ, আমরা এখন নিজেরা নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করছি। দিন শেষে আমাদেরই ক্ষতি হচ্ছে। ক্রেতারা আমাদের বলে, পোশাকের দাম তো আমরা কমাই না। তোমরাই কমাচ্ছ। কারণ, ভিয়েতনামে যেটা পাই ২০ ডলারে, বাংলাদেশে সেটা পাই ১২ ডলারে। তোমাদের একজন ব্যবসায়ী একটি পণ্যের দাম বলেন ১৫ ডলার। আরেক ব্যবসায়ী ফোন করে বলেন ১২ ডলার। সেখানে আমাদের কী করার আছে? সেখানে ক্রেতার দোষ দেওয়া যায় না।
প্র বাণিজ্য: করোনায় কাঁচামালের দামের অবস্থা কি আগের মতো আছে?
কাদের খান: আমরা যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করি, এসব দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়ে গেছে। কিন্তু আমাদের ক্রেতারা এক টাকাও পোশাকের দাম বাড়ায়নি। অথচ সুতার দাম কেজিতে বেড়েছে ৫০ সেন্টের মতো। প্লাস্টিকের দাম বেড়েছে, কাগজের দাম বেড়েছে। সব জিনিসের দাম বাড়লেও ক্রেতাদের কাছ থেকে আমরা দাম বাড়াতে পারলাম না।
প্র বাণিজ্য: চীনের ওপর নির্ভরশীলতা কতটা কমেছে?
কাদের খান: চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপ, জাপানসহ অনেক দেশ থেকে কাঁচামাল আমদানি করছি। আমরা চেষ্টা করেছি। কাগজ এখন আমেরিকা-অস্ট্রেলিয়া থেকে আমদানি করছি, যেটা আগে চীন থেকে আনতাম। আমাদের কাঁচামালের দাম এত বেড়ে যাওয়ার পরও পণ্যের দাম বাড়াতে পারছি না।
প্র বাণিজ্য: আপনার কারখানার শ্রমিকের পরিস্থিতি কেমন ছিল?
কাদের খান: আমার কারখানা থেকে একজন শ্রমিকও ছাঁটাই হননি। আমার কারখানায় ২০০ শ্রমিক কাজ করেন। তাঁদের দুটি বোনাস দিয়েছি। এখন পর্যন্ত কারখানা চালু রাখতে পেরেছি। কত দিন পারব জানি না। কারণ, বাজার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পণ্যের দাম পাচ্ছি না। বিশ্বে আবার লকডাউন শুরু হয়েছে। মানুষ বাসা থেকে বের হতে পারছে না। যখন বাসা থেকে বের হবে, তখন কেনাকাটার হার বাড়বে। টিকা সারা বিশ্বেই দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় দফার লকডাউন শিথিল করলে বাজার আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে আশা করছি।
প্র বাণিজ্য: সরকারের কাছে আপনাদের কী চাওয়া?
কাদের খান: সরকারের প্রণোদনা থেকে আমরা কিছুই পেলাম না। এটা খুবই হতাশার। কাঁচামালের দাম অত্যধিক বেড়ে গেছে। লকডাউনের কারণে কাজ কমে গেছে। এখন যদি ব্যাংকের মাধ্যমে আর্থিক সহযোগিতা পেতাম, তাহলে আমরা ব্যবসায়ীরা উপকৃত হতাম। আমাদের তো আর হাজার হাজার কোটি টাকার দরকার নেই। ৪০০ থেকে ৫০০ কোটি টাকা হলেই হয়ে যাবে। এ রকম একটা সুযোগ পেলে দুর্যোগপূর্ণ সময়টা মোকাবিলা করতে পারতাম।