সরকারের প্রতিবন্ধী সংস্থা বিজেএমসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরে পাটপণ্যের বড় ধরনের চাহিদা আছে। সম্ভাবনাটি কাজে লাগাতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ ছাড়া পাটশিল্পে বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। বৈচিত্র্যময় পাটপণ্য উৎপাদনে গবেষণা ও উন্নয়নে জোর দিতে হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত ‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ইআরএফের সভাপতি সাইফ ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
মূল প্রবন্ধে গোলাম মোয়াজ্জেম বলেন, আর্থিক সহায়তা দেওয়া সত্ত্বেও বিজেএমসির পাটকলগুলো এখনো অনেক লোকসানে। তবে লোকসান কিছুটা কমেছে। ২০১০-১১ অর্থবছরে লোকসান ছিল ৬৫৩ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে ৫০১ কোটি টাকা। পাট নিয়ে বেশির ভাগ নীতি গ্রহণ, আলোচনা ও বিতর্ক, এর অতীতের গৌরবজনক ইতিহাস, রাজনীতি ও উন্নয়ন-সহযোগীদের ভূমিকার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বলে মনে করেন তিনি।
পাট নিয়ে যৌক্তিকভাবে ভাবা এবং যথোপযুক্ত ও ভবিষ্যৎমুখী নীতি প্রণয়নের পরামর্শ দিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারি-বেসরকারি সব পাটকলকেই আকারে ছোট করে আনতে হবে। কারণ বড় পাটকলগুলো টেকসই হয় না। এ ছাড়া প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রেখে দেখতে হবে শিল্পটিকে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন পাটকলে লোকসানটা স্বাভাবিক বলে মনে করেন পাট প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘৫৮ বছর বয়সী একজন শ্রমিক একজন যুবকের চেয়ে অর্ধেক কাজ করতে পারেন। হঠাৎ করে তাঁকে তো বাড়িতে পাঠিয়ে দিতে পারি না। তবে লোকসান কমিয়ে আনছি। এক বছরে প্রায় ২০০ কোটি টাকা কমানো হয়েছে। এটা চাট্টিখানি কথা না।’
মির্জা আজম আরও বলেন, বিজেএমসি সরকারের অন্য ৫০টি সংস্থার মতো একটি সংস্থা। পরিবারে প্রতিবন্ধী সন্তান থাকে না! তাকে নিয়েই তো চলতে হয়। বিজেএমসিকে বলা যায় সরকারের একটি প্রতিবন্ধী সংস্থা।
বিজেএমসিকে প্রতিবন্ধী সংস্থা বলার পরও পাট খাত নিয়ে মির্জা আজম স্বপ্ন দেখেন। তিনি বলেন, বস্ত্র খাত (প্রকৃতপক্ষে পোশাক খাত) ৩০ বছরে যে জায়গায় এসেছে, পাট খাত তার সমান জায়গায় আসবে আগামী ৫ বছরেই। পাট আবার প্রধান রপ্তানিপণ্য হবে এবং পাটের ভবিষ্যৎ নিয়ে তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন না, জেগেই দেখছেন।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সম্ভাবনা কাজে লাগিয়ে পাটের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সব ধরনের সহায়তা দেবে সরকার। দেশে শিগগির আন্তর্জাতিক পাটপণ্যের মেলা আয়োজন করা হবে। জেলায় জেলায় পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন করারও স্বপ্ন রয়েছে তাঁর।
পাট প্রতিমন্ত্রীর এমন স্বপ্নের বাস্তবতা কতটুকু? রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য হচ্ছে, ২০১৫-১৬ অর্থবছরে পোশাক খাতের রপ্তানি আয় ছিল ২ হাজার ৮০৯ কোটি ডলার। এ সময় পাট খাত থেকে আসে ৯১ কোটি ৯৮ লাখ ডলার। একসময় পাট সর্বোচ্চ রপ্তানি আয় করলে এখন তৃতীয় অবস্থানে চলে গেছে। বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে চামড়া ও চামড়াজাত পণ্য। গত অর্থবছর পাট থেকে এই খাতে ২৪ কোটি ডলার বেশি রপ্তানি আয় হয়েছে।
আলোচনায় অংশ নেন বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোসলেহ উদ্দিন এবং ইআরএফের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।