সরকারের ব্যাংক ঋণে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তার সমালোচনা করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি মনে করে, এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকা চেম্বার।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরের সার্বিক বাজেট ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অনুদানের হিসাব ছাড়া যা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ শতাংশ। আর ৬ হাজার ২০৬ কোটি টাকা অনুদানসহ হিসাব করলে ঘাটতি হবে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উত্স থেকে ঋণ নেওয়া হবে মোট ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। আর বৈদেশিক উত্স থেকে নেওয়া হবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা সরকার বাড়ায়নি। আগের মতোই তা বহাল রাখা হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। ঢাকা চেম্বার মনে করে, দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা হওয়া উচিত।

এর বাইরে অনগ্রসর এলাকায় কর অবকাশ-সুবিধা সাত বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় সরকারি তহবিলে দান করা অর্থকে করপোরেট সামাজিক দায়বদ্ধতায় (সিএসআর) অন্তর্ভুক্ত করা, ২০১৯ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য কর অবকাশ-সুবিধা দেওয়ার প্রস্তাবকে ইতিবাচক বলেছে ডিসিসিআই।