সরকারের ব্যাংকঋণ কমছে
রাজস্ব আদায় ও বৈদেশিক সাহায্যপ্রবাহের পরিস্থিতি ভালো হওয়ার পাশাপাশি আমদানি-ব্যয় হ্রাস পাওয়ায় বিগত কয়েক বছরের তুলনায় এ বছর সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমে এসেছে। খবর বাসসের।২০১১-১২ অর্থবছরের প্রথম সাড়ে আট মাসে সরকার ব্যাংক খাত থেকে ১৫ হাজার ২৯২ কোটি টাকার ঋণ নিয়েছিল। আর চলতি ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ নয় হাজার ৪২৫ কোটি ৭৬ লাখ টাকা। এই সাড়ে আট মাসে সরকার আগে গৃহীত ঋণের তিন হাজার ৬৩৬ কোটি ৭২ লাখ টাকা পরিশোধ করেছে। ফলে ১২ মার্চ পর্যন্ত ব্যাংকব্যবস্থা থেকে নেওয়া সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৪২৫ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।তবে অর্থবছরের শেষের দিকে ঋণের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। ২০১১ সালের ২১ নভেম্বর পর্যন্ত সরকার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিল প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার মতো। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এ সময়ে নেওয়া ঋণের পরিমাণ ছিল আট হাজার কোটি টাকা।চলতি অর্থবছরে ঋণ সমন্বয় করার পর ১২ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ আট হাজার ১২৪ কোটি ৬০ লাখ টাকা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান বাসসকে বলেন, ‘মূলত দুটি কারণে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমে গেছে। এর একটি হলো বৈদেশিক আয়ে স্ফীতি ফিরে আসা। অপরটি হলো রাজস্ব আয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন। এ ছাড়া আলোচ্য সময়ে বিভিন্ন মেয়াদি সরকারি বন্ডের (বিজিটিবি) মেয়াদ পূর্তির ফলে সরকারি ঋণ সমন্বয় হচ্ছে।’ চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশে বৈদেশিক আয় (ঋণ ও অনুদান) এসেছে প্রায় ১৩১ কোটি মার্কিন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৫৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যেই সরকারের ব্যাংক ঋণ সীমাবদ্ধ থাকবে। কারণ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সরকার ঋণ ছাড়ের বিষয়ে এরই মধ্যে বেশ এগিয়েছে।’ তিনি আরও বলেন, সরকার কুইক রেন্টাল পাওয়ার প্লান্টে তেল জোগান দিতে আমদানি-ব্যয় মেটাতে ব্যাংক থেকে অর্থবছরের শুরুর দিকে কিছু বেশি ঋণ নিয়েছিল। কিন্তু বর্তমানে সরকার এসব বিদ্যুৎকেন্দ্রে তেলের সরবরাহ বেসরকারি খাতেই ছেড়ে দিয়েছে। এ কারণে সরকারের ব্যাংক ঋণ কমে আসছে।মুদ্রানীতি সঠিকভাবে বাস্তবায়নের স্বার্থে খোন্দকার ইব্রাহিম খালেদ সরকারকে ব্যাংক ঋণের পরিমাণ সীমিত পর্যায়ে রাখার পরামর্শ দেন।