সরকারের ব্যাংকঋণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকব্যবস্থায় সরকার নতুন করে কোনো ঋণ করেনি। বরং আগের নেওয়া বেশ কিছু ঋণ পরিশোধ করেছে। ফলে জুলাই-ডিসেম্বর শেষে ব্যাংক খাতে সরকারের প্রকৃত বা নিট ঋণ সাড়ে ৩৪ কোটি টাকা কমেছে।
কিন্তু আগের বা ২০১৩-১৪ অর্থবছরের ছয় মাসে ব্যাংক থেকে নিট ৫ হাজার ১৬৮ কোটি টাকা ঋণ করেছিল সরকার।
তবে এ সময়ে সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে বিপুল ঋণ সৃষ্টি করেছে।
সরকার অভ্যন্তরীণ উৎস থেকে দুভাবে ঋণ করে বাজেট ঘাটতি অর্থায়ন করে। ব্যাংকব্যবস্থায় ঋণ করতে সরকার ট্রেজারি বিল ও বন্ড ছেড়ে অর্থ নিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক থেকেও সরকার ঋণ নেয়।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সরকার ব্যাংকব্যবস্থা থেকে নিট ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৩১ হাজার ২২১ কোটি টাকা। কিন্তু প্রথম ছয় মাসের হিসাবে ঋণ করেনি সরকার, বরং পরিশোধ করেছে।
ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে, ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২০৯ কোটি টাকা। আর ছয় মাস আগে গত জুন শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ১৪ হাজার ২৪৩ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে সরকারের নিট ঋণ কমেছে ৩৪ কোটি ৪৯ লাখ টাকা।
তবে সাধারণভাবে দেখা যায়, অর্থবছরের শেষ ছয় মাসে সরকারের অর্থের প্রয়োজন বেশি পড়ে, সে সময়ই ঋণ বাড়ে সরকারের।
বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ করলে টাকা ছেপে বা উচ্চক্ষমতাসম্পন্ন টাকা বাজারে জোগান দেওয়া হয়। তাতে দেশে মূল্যস্ফীতির আশঙ্কা থাকে। আর বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি ঋণ করলে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তিতে ঘাটতি দেখা দিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে বিপুল পরিমাণ নগদ অর্থের জোগান আছে, যার বড় অংশ অলস অর্থ।
সরকারের ঋণ বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত ছয় মাসে ব্যাংকব্যবস্থায় সরকার ঋণ করে তা কেন্দ্রীয় ব্যাংককে পরিশোধ করেছে। গত ছয় মাসে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে নেওয়া ৯ হাজার ৭২০ কোটি টাকা পরিশোধ করেছে। কিন্তু একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে নিয়েছে ৯ হাজার ৬৮৬ কোটি টাকা।
কিন্তু এ সময়ে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে জনগণের কাছ থেকে অর্থ ধার করেছে। জুলাই-নভেম্বর সময়কালে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে নিট ১১ হাজার ২৪২ কোটি টাকা ঋণ করেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৩৬৯ কোটি টাকা অর্থাৎ প্রায় সাড়ে তিন গুণ।
চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৫৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকার বেশি সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ করে ফেলেছে সরকার প্রথম পাঁচ মাসেই।