সরকারের ব্যাংকঋণ-নির্ভরতায় বেসরকারি খাত চাপে পড়বে

দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা ব্যয়ের আগামী অর্থবছরের বাজেটের মধ্যে সব ধরনের কর, অনুদান ও ফি মিলিয়ে এক লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বছর চলতে সরকারের আরও লাগবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা।
এই টাকাটাই হলো বাজেট ঘাটতি, যা পূরণ করা হবে দেশের ব্যাংক ব্যবস্থা ও বিদেশ থেকে ঋণ নিয়ে এবং সঞ্চয়পত্র বিক্রি করে। ঘাটতি পূরণের এই উৎসগুলোকেই বাজেটীয় ভাষায় বলা হয় অর্থসংস্থান বা অর্থায়ন। অর্থসংস্থান মোটা দাগে দুই ভাগে বিভক্ত—অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ।
কয়েক বছরের বাজেট সংক্ষিপ্তসার বিশ্লেষণ করে দেখা যায়, অভ্যন্তরীণ বা ব্যাংক ব্যবস্থা থেকে যে পরিমাণ ঋণ নেবে বলে সরকার ঠিক করে, অর্থবছর শেষ হওয়ার তিন-চার মাস বাকি থাকতেই তা বার্ষিক লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যায়। আবার, যে পরিমাণ বৈদেশিক ঋণ পাওয়া যাবে বলে সরকার প্রতিবছরই আশা করে, শেষ পর্যন্ত তা আর পায় না।
অন্যদিকে, সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যে পরিমাণ টাকা সংগ্রহ করবে বলে ঠিক করে, সেখানেও ব্যর্থতা থেকে যায়। বিদেশি অনুদানও পায় না লক্ষ্যমাত্রা অনুযায়ী।
প্রয়োজন মেটাতে সরকার তাই সহজ পথ অবলম্বন করে অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেয়। যার নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি খাতের ওপর। অথবা টাকা ছাপিয়ে ব্যয় মেটায় সরকার, যার প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে।
গত শুক্রবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অর্থসংস্থান নিয়ে অনেক ভ্রান্তিমূলক কথা হচ্ছে। এ ব্যাপারে তিনি নতুন কিছু করেননি।
বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার প্রথম আলোকে বলেন, ঋণের সুদহার কমে আসছে। কমছে আমানতের সুদও। এমন বাস্তবতায়, বিনিয়োগের স্বার্থেই বেসরকারি খাতকে বঞ্চিত রাখা যাবে না।
ইস্টার্ন ব্যাংকের এমডি আরও বলেন, অর্থনীতিতে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, তা নির্ভর করবে কোন খাতে তা ব্যয় করা হবে তার ওপর। ব্যাংক থেকে ঋণ নিয়ে অনুৎপাদনশীল খাতে ব্যয় না করার পরামর্শ দেন তিনি।
ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান বলেন, ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার প্রবণতা সরকারের কমানো উচিত।
হরতাল, শেয়ারবাজারে ধস, উৎপাদন ব্যাহত ইত্যাদি কারণে বেসরকারি খাত এমনিতেই বিপদে রয়েছে। একই সঙ্গে বিপদে ব্যাংকগুলোও। এ অবস্থায় ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাকে একদমই ইতিবাচকভাবে দেখছেন না সবুর খান। তাঁর প্রশ্ন, ‘সরকারকে ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর আছে কি না, তা কি দেখা হচ্ছে?’ দেশের সব ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান টাকা সরকার আগামী এক বছরে ঋণ করতে চাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
চলতি অর্থবছর: চলতি ২০১২-১৩ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ২৩ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে সংশোধিত বাজেটে ২৮ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অন্যদিকে, মোট বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রাও ২০ হাজার ৩৯৮ কোটি টাকা থেকে কমিয়ে করা হয় ১৯ হাজার ৯৫১ কোটি টাকা। তবে, সবচেয়ে খারাপ অবস্থা সঞ্চয়পত্র বিক্রিতে। সাত হাজার ৪০০ কোটি টাকা থেকে সংশোধিত লক্ষ্যমাত্রায় এর পরিমাণ নির্ধারণ করা হয় এক হাজার ৯৭৩ কোটি টাকা।
আগামী অর্থবছর: আগামী অর্থবছরের অর্থসংস্থান অর্থাৎ ৪৮ হাজার ৩৬২ কোটি টাকার মধ্যে সরকারের অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা হলো ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ রয়েছে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা, যার ১৪ হাজার ৩৫৫ কোটি টাকা নেওয়া হবে দীর্ঘ মেয়াদে এবং ১১ হাজার ৬৩৮ কোটি টাকা নেওয়া হবে স্বল্প মেয়াদে।
পাশাপাশি ব্যাংকবহির্ভূত উৎস থেকে নেওয়া হবে সাত হাজার ৯৭১ কোটি টাকা, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে চার হাজার ৯৭১ কোটি টাকা এবং রাষ্ট্রীয় প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য উৎস থেকে নেওয়া হবে তিন হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি বাবদ চলতি অর্থবছরের তুলনায় আগামীবারের লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে দুই হাজার ৪২৯ কোটি টাকা।
এ ছাড়া আগামীবারের জন্য বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা। যদিও এই ঋণ নিয়ে ভালো একটি অংশ অর্থাৎ নয় হাজার ৩৩১ কোটি টাকাই ব্যয় করা হবে বৈদেশিক ঋণ পরিশোধে। সে হিসাবে, আগামীবারের জন্য নিট বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকা।