সরকারের ভূমিকা নিয়ন্ত্রক অথবা মালিকের হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনটা কেন হলো?শামসুল আলম: যেকোনো রাষ্ট্রের ১০-২০ বছরের একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা থাকা উচিত। এর আগে বাংলাদেশে দুবার এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কোনো কারণে তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে ২০১০-১১ অর্থবছরে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ১০টি জাতীয় সংলাপের মধ্য দিয়ে উপজেলা পর্যায় থেকে মতামত নেওয়া হয়েছে। ফলে এই প্রেক্ষিত পরিকল্পনা অংশগ্রহণমূলক একটি দলিল। আসলে ২০২১ সালে আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই—সেটার অর্থনৈতিক ও সামাজিক রূপরেখা লিপিবদ্ধ করা হয়েছে এই দলিলে। আর ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। এই প্রজন্ম স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে কোথায় দেখতে চায়—সেটাও এতে রয়েছে। প্রেক্ষিত পরিকল্পনায় ২০২১ সাল পর্যন্ত সামষ্টিক অর্থনৈতিক সূচকের কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের মধ্যে আছে জাতীয় প্রবৃদ্ধির হার, সঞ্চয়, বিনিয়োগ, রাজস্ব আয় ও উন্নয়ন ব্যয়, বৈদেশিক মুদ্রা অর্জন, আমদানি-রপ্তানি ইত্যাদি। এগুলোর প্রাথমিক তথ্য-উপাত্তের ওপর ম্যাক্রো মডেলিংয়ের মাধ্যমে সামষ্টিক ও খাতভিত্তিক লক্ষ্যমাত্রাসংক্রান্ত ভবিষ্যৎ ধারা প্রাক্কলন করা হয়েছে। প্রথম আলো: প্রেক্ষিত পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে?শামসুল আলম: এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে দুটি মধ্যমেয়াদি পরিকল্পনায়। ইতিমধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৩ সালের মাঝামাঝি সময় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হবে। প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে কত টাকা লাগবে সেটা এই দলিলে বলা হয়নি। শুধু অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন দেওয়া হয়েছে আর উন্নয়নের পথকৌশল দেখানো হয়েছে। প্রথম আলো: সরকার পরিবর্তন হলে এই প্রেক্ষিত পরিকল্পনার ভবিষ্যৎ কী হবে?শামসুল আলম: দেশের প্রধান দুটি রাজনৈতিক দলই চায় প্রগতিশীল উদার গণতান্ত্রিক দেশ। এ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব নেই। এ ছাড়া প্রেক্ষিত পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়নে ব্যক্তি খাত বা বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা জানি প্রত্যেক ব্যক্তির নিজস্ব সৃজনশীলতা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কৌশলের ভিন্নতা থাকতে পারে। তবে লক্ষ্য দুই দলের অভিন্ন। বৈষম্য হ্রাস ও ভারসাম্যপূর্ণ অর্থনেতিক ব্যবস্থাপনা—দুই দলেরই লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির বিভাজন কম। প্রথম আলো: রাজনৈতিক দ্বন্দ্ব প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য অর্জনে কতটা বাধার সৃষ্টি করতে পারে?শামসুল আলম: রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের প্রাথমিক স্তরে থাকবেই। এই দ্বন্দ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্তিমিত করতে পারেনি। হয়তো দ্বন্দ্ব না থাকলে প্রবৃদ্ধি আরও এক-দুই শতাংশ বাড়ত। তাই আমি নিরুৎসাহিত হচ্ছি না। কেননা ক্রমান্বয়ে রাজনৈতিক সহনশীলতা আসবে। দ্বন্দ্ব কমে আসবে। রাজনৈতিক দলগুলো আরও বেশি গণতান্ত্রিক চর্চাগুলো করবে। এখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে আগের চেয়ে সহনশীলতা বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। প্রথম আলো: প্রেক্ষিত পরিকল্পনায় সরকারের ভূমিকা কী ধরনের হবে? শামসুল আলম: বাংলাদেশ যেন ২০২১ সালে মধ্য আয়ের সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে তার প্রক্ষেপণ রয়েছে প্রেক্ষিত পরিকল্পনায়। দীর্ঘমেয়াদি এই দৃষ্টিভঙ্গি সব সিদ্ধান্ত প্রণয়নের প্রক্রিয়ায় এবং সেবা প্রদানের কৃষ্টিতে থাকবে। তাই মানবসম্পদ উন্নয়নকেই সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এই টেকসই উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ন্ত্রক বা মালিকের হবে না। বরং বেসরকারি উদ্যোগ গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হবে বাজার অর্থনীতি দিয়ে, সেখানে সরকার সুষ্ঠু অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনার কার্যকরী নিয়মনীতি তৈরি করবে।প্রথম আলো: প্রেক্ষিত পরিকল্পনায় কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে?শামসুল আলম: ১৩টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলো হলো: প্রয়োজনীয় আর্থসামাজিক রূপরেখা প্রণয়ন, বিচক্ষণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা, শিল্পায়ন ও সুষম বাণিজ্যনীতি, বিশ্বায়ন ও আঞ্চলিক সহযোগিতা, ডিজিটাল বাংলাদেশ, জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা থেকে উত্তরণ, ভৌত অবকাঠামো নির্মাণ, নগরায়ণ ও নগর যোগাযোগ সমস্যা মোকাবিলা, টেকসই মানবসম্পদ উন্নয়ন, আয়বৈষম্য রোধ ও সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]