বাংলাদেশের বাজারে মোবাইল ফোনের নকল হ্যান্ডসেট রোধে সরকারের সঙ্গে নকিয়া যৌথ উদ্যোগে আগ্রহী বলে জানিয়েছেন নকিয়ার দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেলস ভাইস প্রেসিডেন্ট নেইল গর্ডন। বিশ্বের অন্যান্য মুঠোফোন বাজারেও নকল নকিয়া হ্যান্ডসেটের হার বেড়ে গেছে, যা নকিয়ার ব্র্যান্ড ইমেজের ক্ষতি এবং গ্রাহকের বিশ্বাস নষ্ট করছে বলেও উল্লেখ করেন নেইল গর্ডন। সম্প্রতি ঢাকায় প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের বাজারে মূলত চীনের তৈরি নকল হ্যান্ডসেট আসে। এ বিষয়ে ইতিমধ্যে চীন সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আর শুধু বাংলাদেশের বাজারে নয়, বিশ্বব্যাপী নকিয়া পণ্যের নকল ঠেকাতে পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে বলে জানান নেইল। তবে বাংলাদেশে আপাতত নকিয়ার হ্যান্ডসেট তৈরির কারখানা স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নেইল। তিনি জানান, এখন বিশ্বে নকিয়ার নয়টি কারখানা রয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে কোরিয়ায় একটি, চীনে দুটি এবং ভারতে একটি কারখানা রয়েছে। ‘কানেক্ট নেক্সট বিলিয়ন’ স্লোগানের মাধ্যমে পুরো বিশ্ব এবং বাংলাদেশকে ইন্টারনেটের সুতোয় গাঁথতে আগ্রহী নকিয়া। আর তাই নকিয়া ইতিমধ্যে বাজারে তিন হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে এসেছে বলে জানান নেইল। তিনি আরও জানান, এ ছাড়া বাজারে প্রচলিত সবগুলো নকিয়া সেটেই বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম, ১০ লাখের নিচে। সে ক্ষেত্রে নকিয়ার এ হ্যান্ডসেট কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে, এমন প্রশ্নের জবাবে নেইল বলেন, ‘এখন বাংলাদেশে সাত কোটি মুঠোফোন গ্রাহক রয়েছেন। তাঁদের সবাইকে ইন্টারনেট ফোনের আওতায় আনাই আমাদের লক্ষ্য।’ রাতারাতি এটি করা সম্ভব হবে না ঠিকই, তবে কিছুদিনের মধ্যে এটি সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদী তিনি।