সরকারের হস্তক্ষেপ চায় বিকেএমইএ
সুতার দামের অস্থিতিশীলতা নিরসনে আবারও সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।গতকাল বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএর ২৭ সদস্যের কার্যপরিষদ বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান।বৈঠকে বিকেএমইএর পক্ষ থেকে ছয় দফা দাবি-সংবলিত একটি পত্রও বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। বিকেএমইএর নেতাদের বক্তব্য ও দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জানান, বিকেএমইএ, বিজিএমইএ ও বিটিএমএর প্রতিনিধি এবং বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।এই কমিটি সুতার দাম ও বাজার পরিস্থিতি তদারক করবে বলেও মন্ত্রী জানান। আগামী মাসের প্রথম দিকেই এই কমিটি গঠন করা হবে বলে ফারুক খান আশ্বাস দেন।বৈঠকে বিকেএমইএর নেতারা অভিযোগ করে বলেন, বিটিএমএ ইচ্ছানুযায়ী সুতার দাম বৃদ্ধি করছে। তাদের সুতার দাম নির্ধারণের পর অন্তত তিন মাস তা স্থিতিশীল রাখার আহ্বান জানানো হলেও তারা সাড়া দেয়নি। এই অবস্থায় সরকার, বিকেএমইএ, বিজিএমইএ ও বিটিএমএকে নিয়ে একটি কমিটি গঠন করে যৌক্তিকভাবে সুতার মূল্য নির্ধারণের পর তা যেন কমপক্ষে ৯০ দিন অপরিবর্তিত এবং প্রোফরমা ইনভয়েসের মেয়াদ যেন ন্যূনতম ৩০ দিন রাখা হয়, সে ব্যবস্থা নেওয়ার জন্য বিকেএমইএর নেতারা দাবি জানান। সুতার দাম বৃদ্ধির প্রবণতা তুলে ধরে বৈঠকে বলা হয়, এ বছরের জানুয়ারিতে সুতার দাম ছিল কেজি প্রতি তিন ডলার ২০ সেন্ট, যা ঈদুল ফিতরের আগে বেড়ে সাড়ে তিন ডলার থেকে তিন ডলার ৭০ সেন্ট পর্যন্ত গিয়ে ঠেকে। আর ঈদের পর থেকে তা দাম দফায় দফায় বেড়ে একপর্যায়ে সাড়ে চার ডলারে উন্নীত হয়। এখন সেই সুতার দাম পাঁচ ডলার ১০ সেন্টে উন্নীত হয়েছে। বৈঠকে গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের বিশেষ সহযোগিতা, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস এবং রপ্তানিমূল্যের ওপর সরাসরি পাঁচ শতাংশ অর্থ ছাড় করার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।